দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আপের একাধিক সাংসদের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। দলবদল নিয়ে নানা দাবি উঠলেও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
নীতিন নবীনের সঙ্গে দেখা করতে বিজেপি সদর দফতরে রাঘব চাড্ডারা, আপের দুই-তৃতীয়াংশ সাংসদই হঠাৎ গেরুয়া শিবিরে! কারা আছেন তালিকায়?
আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা৷ একা তিনি নন, আম আদমি পার্টির মোট সাত জন রাজ্যসভার সাংসদই বিজেপিতে যোগ দিচ্ছেন বলে এ দিন দাবি করেছেন রাঘব চাড্ডা৷ রাঘব চাড্ডার এই দাবি সত্যি হলে আম আদমি পার্টিতে বড়সড় ভাঙন ধরাতে চলেছে বিজেপি৷ এমন জল্পনার মাঝেই এসে পড়ল ছবি। দিল্লিতে বিজেপির দলীয় দফতরে গিয়ে জাতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক এবং অশোক মিত্তল। রাজ্যসভায় আপের দুই-তৃতীয়াংশ সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন বলেই খবর।
কিছু আগেই রাঘব চাড্ডাকে আচমকাই রাজ্যসভার উপ দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছিল আম আদমি পার্টি৷ তার পর থেকেই অরবিন্দ কেজরিওয়ালের দলের সঙ্গে দূরত্ব তৈরি হ়য়েছিল রাঘব চাড্ডার৷ এ দিন সাংবাদিক বৈঠক করে রাঘব চাড্ডা অভিযোগ করেন, ‘যে আম আদমি পার্টির জন্য আমি জীবনের ১৫ বছর দিয়েছি, ঘাম রক্ত ঝরিয়েছি সেই দল নিজেদের আদর্শ, মূল্যবোধ থেকে সরে এসেছে৷ এখন আর দেশের স্বার্থে নয়, এই দল ব্যক্তিগত স্বার্থে কাজ করে৷ গত কয়েক বছর ধরেই মনে হচ্ছিল আমি ভুল দলে রয়েছি৷ আজকে আমি আম আদমি পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি এবং মানুষের আরও কাছাকাছি আসছি৷’
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত আম আদমি পার্টি বা বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এমন কোনও পদক্ষেপ বাস্তবে ঘটে, তাহলে তা জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
(Feed Source: news18.com)