জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2026) বেশ ভালো ছন্দেই রয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ তালিকায় তিন নম্বরে। মাঠে দল যখন ছন্দে, ঠিক তখনই মাঠের বাইরে চরম বিতর্কে জড়িয়ে তাল কাটল ২০০৮ সালের চ্যাম্পিয়নদের। খোদ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক মুখ পোড়ালেন রাজস্থানের। ম্যাচের মাঝেই সাজঘরে উদ্দাম নেশায় মত্ত হলেন রিয়ান পরাগ। তাঁকে ভেপিং (ই-সিগারেটে ফোঁকা) করতে দেখা গিয়েছে! (Riyan Parag Caught Vaping In Rajasthan Royals Dressing Room)! আর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
কী এই ভেপিং? ভেপিং হল ই-সিগারেট বা ভেপ ডিভাইসের মাধ্যমে নিকোটিন, ফ্লেভার এবং অন্যান্য রাসায়নিকযুক্ত তরল (ই-জুস)। যা গরম করে তৈরি করা অ্যারোসল বা বাষ্প ফুসফুসে গ্রহণ করে। এটি সাধারণ ধোঁয়া নয় বরং একটি অ্যারোসল কুয়াশা। ভ্যাপিং ডিভাইসগুলি ব্যাটারিচালিত এবং পেন বা ইউএসবি ড্রাইভের মতো দেখতে হয়। রিয়ানকে এরকমই একটি ভ্যাপ ডিভাইসে টান দিতে দেখা গিয়েছিল।
কবে কোথায় এই ঘটনাটি ঘটেছে? গত ২৮ এপ্রিল নয়া চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। লিগের ৪০ নম্বর ম্যাচে পঞ্জাবকে (২২২/৪) ৪ বল হাতে রেখেই ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান (২২৮/৪)। রাজস্থানের ইনিংসের ১৬ নম্বর ওভারে এই ঘটনা ঘটেছিল। চারে নেমে রিয়ান ১৬ বলে ২৯ রান করে ফিরে যান। এরপর সাজঘরে গিয়ে এই কাণ্ড ঘটান তিনি।
এবার বিরাট শাস্তির মুখে রিয়ান? এই বিতর্কে আইনি মাত্রা যোগ করে বলা যায় যে. ‘ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধকরণ আইন ২০১৯’ (পিইসিএ) সমগ্র দেশ জুড়ে ই-সিগারেট ও ভেপের উৎপাদন, বিক্রয়, বিতরণ এবং মজুদ কঠোর ভাবে নিষিদ্ধ করেছে। যদিও ভেপিংয়ের বিরুদ্ধে প্রকাশ্যে কোনও সুনির্দিষ্ট নিয়ম নেই। তবুও ভারতীয় ক্রিকেট বোর্ডের স্টেডিয়ামের ভিতরে খেলোয়াড়দের আচরণের বিষয়ে কঠোর নির্দেশিকা রয়েছে। স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল অনুযায়ী ড্রেসিংরুম বা ডাগআউটে তামাক কিংবা তামাকজাত পণ্যের ব্যবহার সাধারণত নিষিদ্ধ। আর এ কারণেই রিয়ান বিরাট শাস্তির মুখে পড়তে পারেন।
আইপিএলে বারবার বিতর্কে রিয়ান: এই প্রথম নয়, এর আগেও রিয়ান আইপিএলে একাধিক বিতর্কে জড়িয়েছেন। কখনও নিরাপত্তাকর্মীর ফোন তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলেছেন তো কখনও আবার রিয়ানের ইউটিউব সার্চ হিস্ট্রির স্ক্রিনশট ভাইরাল হয়েছিল। তাঁর সার্চে ছিল দুই বলি সুন্দরী- অনন্যা পাণ্ডে ও সারা আলি খান। ‘Ananya Panday hot’, ‘Sara Ali Khan hot’ সার্চ দিয়েই তিনি ভিডিয়ো খুঁজেছেন। যা দেখে নেটিজেনরা ছিঃ ছিঃ করেছিল।
(Feed Source: zeenews.com)
