জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণী চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বিশিষ্ট তেলুগু পরিচালক ও প্রযোজক ত্রিপুরাণেনি চিত্তিবাবুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে।
১৯৮৪ সালে ‘সন্তানম’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হয়েছিল চিত্তিবাবুর। দীর্ঘ কেরিয়ারে তিনি উপহার দিয়েছেন ‘না পেরু দুর্গা’, ‘প্রলয়ম’, ‘প্রেমিনচি চুড়ু’ এবং ‘রাইতু ভারতম’-এর মতো বেশ কিছু জনপ্রিয় ও উল্লেখযোগ্য সিনেমা। শুধু পরিচালক বা প্রযোজক হিসেবেই নয়, চলচ্চিত্র বিশ্লেষক হিসেবেও তাঁর গভীর জ্ঞান ও তীক্ষ্ণ দূরদৃষ্টির জন্য তিনি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন।
ত্রিপুরাণেনি চিত্তিবাবুর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি ওয়াই এস জগনমোহন রেড্ডি। তিনি বলেন, “চিত্তিবাবুর মৃত্যু চলচ্চিত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি। চলচ্চিত্র জগত সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান এবং প্রখর বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি অনেকের কাছেই পাথেয় ছিল।”
কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি প্রয়াত পরিচালকের সঙ্গে তাঁর ব্যক্তিগত বন্ধুত্বের কথা স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমার ঘনিষ্ঠ বন্ধু চিত্তিবাবু গরুর মৃত্যু সংবাদ শুনে আমি গভীরভাবে মর্মাহত। তিনি কেবল একজন সফল প্রযোজকই ছিলেন না, সামাজিক বিভিন্ন ইস্যুতেও তাঁর কণ্ঠস্বর ছিল অত্যন্ত বলিষ্ঠ। তাঁর বহুমুখী প্রতিভা আমাদের সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।”
একই দিনে হরিয়ানভি অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহির প্রয়াণের খবরের মাঝেই চিত্তিবাবুর মৃত্যু সংবাদ বিনোদন জগৎকে আরও বেশি শোকাতুর করে তুলল।
(Feed Source: zeenews.com)
