জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার (South Africa) তারকা উইকেটকিপার-ব্যাটার হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। গতবছর জুনে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলেছিলেন। যাতে পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারেন এবং ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে মনোনিবেশ করতে পারেন। চলতি আইপিএলে (IPL 2026) ক্লাসেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়ে যে ফর্মে রয়েছে, তা দেখে কেভিন পিটারসেন বলেছেন যে, ৩৪ বছরের দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার অবসর ভেঙে আবার দেশের জার্সিতে খেলা উচিত। কারণ এই মুহূর্তে ক্লাসেন আইপিএলের কমলা টুপির দৌড়ে। সর্বাধিক রানশিকারিদের তালিকায় রয়েছেন ২ নম্বরে। ৯ ইনিংসে ৫৯.১৪ গড়ে এবং ১৫৭.৪১ স্ট্রাইক রেটে ৪১৪ রান করা হয়ে গিয়েছে কাব্য মারানের (Kaviya Maran) দলের মহাতারকার।
এবার ক্লাসেন খবরে এসেছেন একেবারে মাঠের বাইরের এক ঘটনায়। প্রোটিয়া তারকার অনুমতি ছাড়াই এক ভক্ত তাঁর আর তাঁর পরিবারের ভিডিয়ো শ্যুট করছিলেন। যা ক্লাসেনকে রীতিমতো তাতিয়ে দিয়েছিল। ক্লাসেন একাধিকবার বারণ করা সত্ত্বেও সেই ভক্ত ভিডিয়ো শ্যুট করেই যাচ্ছিলেন। এরপর ক্লাসেন মেজাজ হারিয়ে বলেন, ‘এটা করবেন না, দুঃখিত। আমার কথা খুব মন দিয়ে শুনুন। এটা একদমই করবেন না, ঠিক আছে? আমি আপনাকে না বলেছি। দয়া করে চলে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে কোনও ছবি তুলবেন না। আমার বা আমার পরিবারের যদি ছবি তোলেন তাহলে আমি কথা দিচ্ছি, মেরে শুইয়ে দেব, ঠিক আছে?’ এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। তবে ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে না যে, কেন্দ্রীয় চরিত্রে আদৌ ক্লাসেন আছেন কিনা! আর জি ২৪ ঘণ্টা এই ভিডিয়োর সত্যতা পরখ করে দেখেনি।
(Feed Source: zeenews.com)
