West Bengal Assembly Election Result 2026: বাংলায় তৃণমূল হারতেই বিরোধী জোটে ফাটল? বড় বার্তা রাহুল-কেজরির

West Bengal Assembly Election Result 2026: বাংলায় তৃণমূল হারতেই বিরোধী জোটে ফাটল? বড় বার্তা রাহুল-কেজরির

জি ২৪ ডিজিটাল ব্যুরো: বাংলায় পদ্ম ঝড়ে সাফ ঘাসফুল। তৃণমূলের হারে কংগ্রেসের সহকর্মী, এমনকী অন্য বিরোধী দলের যেসব নেতারা আনন্দ প্রকাশ করছে, তাঁদের সতর্ক করে দিলেন রাহুল গান্ধী। তাঁর স্পষ্ট বার্তা, ‘সংকীর্ণ রাজনীতি দূরে সরিয়ে রাখুন। বিশেষ কোনও রাজনৈতিক দলের নয়, এটা দেশের বিষয়’।

রাহুল বলেন, কংগ্রেসের কেউ কেউ এবং অন্যন্যরা তৃণমূলের হারে আনন্দ করছেন। তাঁদের বুঝতে হবে অসম ও বাংলায় এই ভোট চুরি ভারতে গণতন্ত্রকে ধ্বংসে লক্ষ্য বিজেপি একটা বড় পদক্ষেপ’। বস্তুত, রাহুল গান্ধী যা বলছেন, সেই এক কথা কিন্তু শোনা গিয়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।

আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘আমরা কিন্তু হারিনি। এই নির্বাচনে ভিলেন মুখ্য নির্বাচন কমিশনারই। আমাদের ১০০ আসন জোর করে লুঠ করা হয়েছে’। সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমি রাজভবন কেন যাব? আমরা তো হারিনি। জোর করে দখল করে কেউ যদি ভাবে আমাকে গিয়ে পদত্যাগ করতে হবে। সেটা হবে না। আমরাই জিতেছি, আমরা হারিনি। আমি চেয়ারের কেয়ার করিনা। আমি যাব না আর’।

এদিকে বাংলার ভোটে মমতার হয়ে প্রচার করতে এসেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমো বলেন, ‘দেশের মধ্যে এখন এক ধরনের সংকট চলছে। গণতন্ত্রকে হত্যা করেছে বিজেপি। কোথাও পুরো দেশজুড়ে কোনও দল জিতে গেলেও, তারা বিধায়কদের ভেঙে নেয়, জেলে পাঠিয়ে দেয়’। তাঁর দাবি, ‘বাংলার নির্বাচন আসলে নির্বাচন ছিল না। গত চার মাস ধরে আমরা দেখছি কী তাণ্ডব চলছে’।

কেজরিওয়ালের কথায়, ‘বিহার, মহারাষ্ট্র সব জায়গায় একই কাজ হয়েছে। আমার নিজের বিধানসভাতেও তাই হয়েছে। ১,৪৮,০০০ ভোট ছিল, কিন্তু জেল থেকে বেরিয়ে আসার পর ৪২,০০০ ভোট কেটে দেওয়া হয়েছে। পুরো দেশজুড়ে এই একই তাণ্ডব চলছে’। বলেন, পঞ্জাব  নির্বাচনের পর মোদী সরকার পড়ে যাবে। পঞ্জাবের মানুষই মোদী সরকারকে শেষ করবে। পঞ্জাবের পর মোদীজির এটা হবে শেষ নির্বাচন’।

(Feed Source: zeenews.com)