জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারতকে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) জিতিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) স্টার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চলতি আইপিএল (IPL 2026) খেলার ফাঁকেই পেয়ে গেলেন দারুণ সুখবর। এই প্রথমবার বাবা হলেন তিনি। সূর্যকুমারের স্ত্রী দেবিশা শেট্টি (Devisha Shetty) এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন। সূর্য-দেবিশা ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রায় এক দশক পর এই দম্পতি বাবা-মা হলেন। সোশ্যাল মিডিয়া সকলেই নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন।
আগামী রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের খেলা রয়েছে রায়পুরে। সূর্য যদিও যাননি রায়পুরে। ডেলিভারির সময়ে দেবিশার পাশে থাকার জন্যই মুম্বইতে থেকে যান তিনি। আরসিবি-র বিরুদ্ধে সূর্য খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কিন্তু তাঁর দিকে চোখ থাকবেই। সূর্যর জন্য এটা এক সম্পূর্ণ নতুন অভিযান। প্রথমবার বাবা হওয়ার অনুভূতি ক্রিকেট জীবনের মাইলফলকগুলিরও যে উপরে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই বছরের শুরুতেই দেবিশার হাত ধরে থাকা একটি ভিডিও সূর্য পোস্ট করেছিলেন। যা দেখে মনে হয়েছিল যে এই ছবি সাধ সংক্রান্তই।
সূর্য-দেবিশার গল্প শুরু হয়েছিল ওই ২০১২ সালের দিকে। তখন তাঁরা কলেজে ছিলেন। সূর্য একবার বলেছিল যে, সে বন্ধুদের সঙ্গে বেঞ্চে বসে আড্ডা দিচ্ছিল, তখন দেবিশার দিকে তাঁর চোখে পড়ে যায়। সূর্য বলেছিলেন, আমি ওকে এমনিই দেখেছিলাম, বেশ মিষ্টি একটা ব্যাপার ছিল দেবিশার। এক কমন বন্ধুর সঙ্গে তাঁদের পরিচয় হয়। মুহূর্তেই তাঁদের রসায়ন জমে ওঠে এবং মুম্বই ক্রিকেট থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের গৌরব যাত্রায় সূর্যের ছায়াসঙ্গী হয়েই রয়েছেন তাঁর স্ত্রী।
বিশেষ করে কঠিন সময়ে দেবিশাই ছিলেন সূর্যর সবচেয়ে বড় সমর্থক। এক সাক্ষাৎকারে সূর্য জানিয়েছিলন, কীভাবে দেবিশা তাঁকে সর্বদা অনুপ্রাণিত করে গিয়েছেন। তিনি সবসময়ই সূর্যকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করতেন এবং কখনই তাঁকে একই গণ্ডির মধ্যে আটকে থাকতে দিতেন না। বাড়িতে থাকাকালীন সূর্য কখনই মানসিক অবসাদে ভুগতেন না। কারণ দেবিশা নিশ্চিত করতেন যেন সূর্য নিজের উন্নতির দিকে এবং ভবিষ্যৎ গড়ার দিকেই পূর্ণ মনোযোগ নিবদ্ধ রাখেন। তবে ঠিক এই মুহূর্তে, সূর্য এবং মুম্বই ইন্ডিয়ান্স এক কঠিন আইপিএল মরসুম কাটাচ্ছে। পয়েন্ট তালিকায় দলটি বর্তমানে ৯ নম্বরে রয়েছে এবং সূর্যর পরিসংখ্যানও খুব একটা আশাব্যঞ্জক নয়। ১০ ম্যাচে মাত্র ১৯৫ রান, যেখানে স্ট্রাইক রেট ১৪৫.৫২ এবং সর্বোচ্চ স্কোর ৫১। সাধারণত সূর্য এমন ছন্দে খেলেন না।
(Feed Source: zeenews.com)
