
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) বিশেষণে একাধিক পরিচয়। তিনি যেমন পরিচালক-অভিনেতা-প্রযোজক, তেমনই আবার রাজনীতিবিদও। তবে এবার রাজ তাঁর একটি পরিচয় চিরতরে মুছে ফেললেন। আর সেই বিরাট ঘোষণা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় করে দিলেন। শেষ পাঁচ বছরের ছোট্ট কিন্তু পরিস্থিতির বিচারে বেশ তাত্পর্যপূর্ণ রাজনৈতিক জীবনে শেষপর্যন্ত ইতিই টানলেন। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল তুঙ্গে। তা রাজের পোস্টে সত্যিই প্রমাণিত হল ৭ মে বৃহস্পতি সন্ধ্যায়।
রাজের ২০২১ থেকে ২০২৬ সালের রাজনৈতিক যাত্রা
২০২১ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে ব্যারাকপুরে প্রার্থী হয়েই বাজিমাত করেছিলেন রাজ। বিজেপি নেতা চন্দ্রমণি শুক্লাকে ৯২২২ ভোটে হারিয়ে বিধায়ক হয়েছিলেন হালিশহরের ভূমিপুত্র। তবে ২০২৬ সালে ব্যারাকপুরের ‘রাজ’পাট হারালেন মিস্টার চক্রবর্তী। ব্যারাকপুর কোর্টের আইনজীবী কৌস্তুভ বাগচী (Kaustav Bagchi) ১৪ হাজারেরও বেশি ভোটে রাজকে হারিয়ে ব্যারাকপুরের তখত দখল করেছেন। রাজনীতির বাইশ গজে কৌস্তভের কাছে ক্লিন বোল্ড হয়েই চিরতরে মাঠ ছাড়লেন আদ্যোপান্ত সিনেদুনিয়ার মানুষ। বিদায়ী পোস্টে প্রাক্তন বিধায়ক রাজ, বঙ্গের নতুন শাসক দল বিজেপি-কে (BJP) শুভেচ্ছা জানিয়েই বললেন যে, পদ্মেই বাংলার সব সমস্যার সমাধান!
রাজ ফেসবুকে যা লিখলেন তা হুবহু তুলে ধরা হল
‘জীবনে যখনই কোনও দায়িত্ব পেয়েছি, নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি। চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সব সময় আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি। ২০২১-এ আমার রাজনৈতিক জীবনে পদার্পণ। মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পরবর্তী পাঁচ বছর ধরে সেভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করে গেছি। সে অধ্যায় শেষ হলো ২০২৬-এ। সঙ্গে শেষ হলো আমার রাজনৈতিক জীবনের পথচলা। বাংলার মানুষের মতামতে বাংলায় নতুন সরকার এসেছে। আগামী ৯ই মে, ২০২৬, তারা শপথ নেবেন। তাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করবো, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে উন্নতির পথে। মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। রাজ চক্রবর্তী’
রাজের রাজনৈতিক ইনিংসের শেষটা একেবারেই ‘রাজ’কীয় হয়নি। একেতে বিরাট ব্যবধানে হার, তারউপর গণনাকেন্দ্রের বাইরে জনতার তীব্র রোষের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। রাজকে লক্ষ করে কাদা ও ঘুঁটে ছোড়াও হয়েছিল। ‘চোর…চোর…’ স্লোগানও শুনতে হয়েছিল। এবার রাজ হয়তো সিনেমাতেই মনোনিবেশ করবেন। যদিও সেই বিষয়ে তিনি কিছু লেখেননি।
(Feed Source: zeenews.com)
