জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রুপোলি পর্দার ‘ব্লকবাস্টার’ রাজনীতির ময়দানে এসে খানিকটা থমকে গেল। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেও, মসনদে বসার জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ ছুঁতে হিমশিম খাচ্ছেন সুপারস্টার বিজয়। তাঁর দল তামিলাগা ভেট্টি কাজাগাম (TVK) ১০৮টি আসনে জয়লাভ করলেও, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন জোগাড় করতে না পারায় থমকে আছে শপথ গ্রহণ অনুষ্ঠান।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়ক। বিজয়ের নিজের দল TVK জিতেছে ১০৮টি আসনে (বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় বর্তমানে বিধায়ক সংখ্যা ১০৭)। এর সঙ্গে যোগ হয়েছে কংগ্রেসের ৫ জন এবং বামপন্থীদের (CPI ও CPM) ৪ জন বিধায়কের সমর্থন। সব মিলিয়ে বিজয়ের ঝুলিতে এখন ১১৬ জন বিধায়কের সমর্থন রয়েছে। অর্থাৎ, জয়ের লক্ষ্যমাত্রা থেকে তিনি ঠিক ২ কদম দূরে দাঁড়িয়ে।
গতকাল সন্ধ্যা পর্যন্ত মনে করা হচ্ছিল সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু নাটকীয় মোড় নেয় যখন টিটিভি দিনাকরণের দল AMMK এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML) সাফ জানিয়ে দেয় যে তারা বিজয়কে সমর্থন করবে না। দিনাকরণ এমনকি বিজয়ের শিবিরের দাবিকে ‘জালিয়াতি’ বলেও কটাক্ষ করেছেন। ফলে সরকার গঠনের পথ আরও কঠিন হয়ে পড়েছে।
গত বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তিনবার রাজভবনে গিয়ে রাজ্যপাল আর.ভি. আরলেকারের সঙ্গে দেখা করেছেন বিজয়। কিন্তু রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত ১১৮ জন বিধায়কের স্বাক্ষরিত সমর্থনপত্র জমা পড়ছে, ততক্ষণ তিনি বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না। ফলে আপাতত ঝুলেই রইল শপথ গ্রহণ অনুষ্ঠান।
বর্তমানে সব আলো গিয়ে পড়েছে ভিডুথালাই চিরুথাইগাল কাচ্চি (VCK) দলের ওপর। এই দলের হাতে রয়েছে ২ জন বিধায়ক। এই দুই বিধায়ক সমর্থন দিলেই বিজয় ১১৮-র কোটা পূর্ণ করতে পারবেন। তবে VCK প্রধান থল থিরুমাভালভান এখনও ডিএমকে (DMK) নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর। আজই হয়তো VCK তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
তামিলনাড়ুর রাজনীতির গত ৬২ বছরের ইতিহাসে এই প্রথম দুই দ্রাবিড় শক্তি—ডিএমকে এবং এআইএডিএমকে-র আধিপত্য চূর্ণ করে নতুন কোনো শক্তি ক্ষমতায় আসার দোরগোড়ায়। এখন দেখার, বিজয় কি শেষ পর্যন্ত এই রাজনৈতিক ‘ক্লাইম্যাক্স’ সফলভাবে উতরে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন কি না।
(Feed Source: zeenews.com)
