CM Vijay Oath Ceremony: বিজয়ের শপথে গরহাজির স্ত্রী-সন্তানরা, তবে সে ছিলেন মুখ্যমন্ত্রীর ‘তৃষা হরিয়ে প্রাণ ভরিয়ে’…

CM Vijay Oath Ceremony: বিজয়ের শপথে গরহাজির স্ত্রী-সন্তানরা, তবে সে ছিলেন মুখ্যমন্ত্রীর ‘তৃষা হরিয়ে প্রাণ ভরিয়ে’…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাধা-বিপত্তি কাটিয়ে অবশেষে তামিলনাড়ুর কুর্সিতে বিজয় থালাপতি। রবিবার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন তিনি। তবে রাজনীতির পাশাপাশি বিজয়ের ব্যক্তিগত জীবন বেশ আলোচিত। এদিনও তার অন্যথা হয়নি। শপথ গ্রহণের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজয়ের দীর্ঘদিনের সহ-অভিনেত্রী তৃষা কৃষ্ণন। আকাশি রংয়ের শাড়ি, চুলে গাজরা লাগিয়ে অভিনেত্রী নিঃসন্দেহে সকলের নজর কেড়েছেন। এর আগে সকালে বাড়ি থেকে বেরোনোর সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ধন্যবাদ, আমি এই মুহূর্তের জন্য প্রতীক্ষায় আছি।’

তবে তৃষার উপস্থিতি ছাপিয়ে বড় হয়ে ওঠে বিজয়ের স্ত্রী সঙ্গীতা  এবং তাঁদের দুই সন্তান জেসন সঞ্জয় ও দিব্যা সাশার অনুপস্থিতি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার ভরে যায়। অনেকেই আক্ষেপ করে লেখেন যে, এই ঐতিহাসিক জয়ের মুহূর্তটি পরিবারের অভাবে ‘অসম্পূর্ণ’ রয়ে গেল।

চলতি বছরই ফেব্রুয়ারিতে ২৭ বছরের দাম্পত্যের ইতি টানেন বিজয়ের স্ত্রী সঙ্গীতা। এমনকী স্ত্রী সঙ্গীতা বিজয়ের বিরুদ্ধে পরকীয়া এবং মানসিক অত্যাচারের মত গুরুতর অভিযোগ তোলেন। অন্যদিকে, বিজয় ও তৃষা তামিল সিনেমার অন্যতম সেরা জুটি হিসেবে পরিচিত হলেও, বাস্তবেও তাঁদের বিশেষ সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন রয়েছে। আর আজকের অনুষ্ঠানে সঙ্গীতার অনুপস্থিতি এবং তৃষার উপস্থিতি সেই জল্পনাকে নতুন করে উসকে দিয়েছে।

ডিভোর্সের মামলা করার সময় সঙ্গীতার দাবি ছিল, ২০২১ সাল থেকে এক অভিনেত্রীর সঙ্গে বিজয়ের সম্পর্কের কথা জানার পর থেকেই তাঁদের সংসারে ভাঙন ধরে। এমনকি সঙ্গীতা অভিযোগ করেছেন যে, বিজয় জনসমক্ষে তাঁর ও সন্তানদের অবজ্ঞা করে চলেছেন।

আদালতে এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ জুন। একদিকে যখন বিজয় ‘থালপতি’ থেকে মুখ্যমন্ত্রী হয়ে তামিলনাড়ু শাসনের দায়িত্ব নিলেন, অন্যদিকে তাঁর ব্যক্তিগত জীবনের এই সংকট জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একদল ভক্ত যেমন তাঁর রাজনৈতিক জয় উদযাপন করছেন, অন্যদল তেমনই তাঁর পারিবারিক ভাঙন নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করছেন। সব মিলিয়ে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান কেবল রাজনীতি নয়, বিনোদন আর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনেও হয়ে রইল অনন্য।

(Feed Source: zeenews.com)