Narendra Modi: আজ গুজরাতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আবারও দেশবাসীকে একই বার্তা স্মরণ করিয়ে দিলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে বারবার একই বিষয়ের পুনরাবৃত্তি কি আগামী দিনে সরকারের কোনও বড় সিদ্ধান্ত বা পদক্ষেপের ইঙ্গিত বহন করছে?
নরেন্দ্র মোদি
আহমেদাবাদ: দুদিনে দ্বিতীয়বার! দেশবাসীকে পেট্রোল ডিজেল ব্যবহারে লাগাম টানতে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোর দিলেন ওয়ার্ক ফ্রম হোম করার দিকেও।
এদিন গুজরাতে প্রধানমন্ত্রী বলেন, “আমি আমার দেশের প্রতিটি নাগরিকের কাছে আবেদন জানাই যে, যতটা সম্ভব পেট্রোল-ডিজেলের ব্যবহার কমান। মেট্রো ব্যবহার করুন, বৈদ্যুতিক বাস ও গণপরিবহনের ব্যবহার আরও বাড়ান এবং কার পুলিংকে উৎসাহিত করুন। যাঁদের গাড়ি আছে, তাঁরা এক গাড়িতে আরও বেশি মানুষকে সঙ্গে নিয়ে চলুন।’’
মোদি জানান, ‘‘ডিজিটাল প্রযুক্তি এখন অনেক কিছুই সহজ করে দিয়েছে, তাই প্রযুক্তির সহায়তাও আমাদের জন্য অত্যন্ত উপকারী হবে। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই ভার্চুয়াল মিটিং এবং বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম)-কে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি।’’
প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘‘দেশের বিপুল পরিমাণ অর্থ সোনার আমদানির জন্য বিদেশে চলে যায়। তাই আমি আপনাদের সকলের কাছে, আমার প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ জানাই যে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সোনা কেনা স্থগিত রাখুন।’’
তিনি বলেন, ‘‘আজকের সময়ের দাবি হল, আমরা যেন “ভোকাল ফর লোকাল”-কে একটি গণ আন্দোলনে পরিণত করি। বিদেশি পণ্যের পরিবর্তে দেশীয় পণ্য গ্রহণ করুন। আপনার গ্রামের, আপনার শহরের, আপনার দেশের উদ্যোক্তাদের শক্তিশালী করে তুলুন।.’’
প্রসঙ্গত, গতকালই হায়দরাবাদে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় সাত দফা আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
আজ ফের গুজরাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফের একই কথা দেশবাসীকে মনে করালেন তিনি। বারবার প্রধানমন্ত্রীর বক্তব্যে একই কথার পুনরাবৃত্তি কি ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে সরকারের বড় কোনও পদক্ষেপের?
যদিও, আজকের গ্রুপ অফ মিনিস্টার্সদের বৈঠকের পর যৌথ মন্ত্রক বিবৃতিতে যদিও জানানো হয়, দেশে পেট্রোল ডিজেলের যথেষ্ট যোগান রয়েছে।
(Feed Source: news18.com)