দলের সঙ্গে চোটের কারণে সফর না করলেও একাই তিন ঘণ্টার অধিক অনুশীলন করলেন হার্দিক, বাড়ল জল্পনা

দলের সঙ্গে চোটের কারণে সফর না করলেও একাই তিন ঘণ্টার অধিক অনুশীলন করলেন হার্দিক, বাড়ল জল্পনা
ধর্মশালা: বিগত দুই আইপিএল (IPL 2026) ম্যাচে মাঠে নামতে পারেননি হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। শোনা গিয়েছিল তিনি দলের সঙ্গে পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচের জন্যও ধর্মশালায় সফর করেননি। তাঁর ব্যাক স্প্যাজ়ম রয়েছে বলেই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কোচিং স্টাফ জানান। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছিল পাণ্ড্য নিঃসন্দেহেই দলের হয়ে বৃহস্পতিবার মাঠে নামতে পারবেন না। তবে ইতিমধ্যেই চোট সংশয় কাটিয়ে পাণ্ড্য কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন।

হার্দিকের তরফে সোশ্যাল মিডিয়ায় দুইটি ভিডিও পোস্ট করা হয়েছে। মঙ্গলবার বেশ রাতের দিকে পাণ্ড্যকে অনুশীলন করতে দেখা যায়। তিনি দুই ভিডিওতেই জোরকদমে ব্যাটিং অনুশীলন সারেন। এরপরেই ফের একবার হার্দিককে নিয়ে সংশয়, জল্পনা তৈরি হয়েছে। TOI-র রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স কর্পারেট পার্কে হার্দিক মঙ্গলবার তিন ঘণ্টারও অধিক সময় অনুশীলন সারেন।

এই ঘটনার পরেই হার্দিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়ছে। সম্প্রতি জল্পনা বাড়িয়েছে হার্দিকের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ। তিনি সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছেন বলেই শোনা যাচ্ছে। এর জেরে স্বাভাবিকভাবেই বিভিন্ন কানাঘুষো শোনা যাচ্ছে। বলা হচ্ছে এই মরশুম শেষেই নাকি হার্দিককে পল্টনরা ছেড়ে দেবে।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে যে সকল ক্রিকেটার অন্তত ৩০টি ম্য়াচে অধিনায়কত্ব করেছেন, তাঁদের সকলের মধ্যে হার্দিক পাণ্ড্যের জয়ের হার সবথেকে কম। হার্দিকের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ৩৭টি ম্যাচ খেলে মাত্র ১৫টি ম্যাচ জিতেছে আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়নরা। হার্দিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। এবার দেখার তিনি আদৌ পরের মরশুমে পল্টনদের অধিনায়ক থাকেন কি না।

ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক কে হতে পারেন, সেই নিয়ে জল্পনা। অনেকেই আশা করছেন তাঁদের প্রিয় রোহিত শর্মার হাতে যেন পুনরায় অধিনায়কত্ব উঠে। অনেকে আবার ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতে দায়িত্ব তুলে দেওয়ার পক্ষে। শেষমেশ কী হয়, তা জানার জন্য আপাতত কিন্তু অপেক্ষাই করতে হবে, কারণ হার্দিক বা মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এই নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনও মন্তব্য করা হয়নি।।

(Feed Source: abplive.com)