
Vaibhav Sooryavanshi: প্রতীক্ষার অবসান। বৈভব সূর্যবংশী পেয়ে গেল জাতীয় দলে ডাক। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে খেলবে দেশের বিস্ময় প্রতিভা।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) তাণ্ডবলীলার সঙ্গে আজ আর কারোরই পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। বিস্ফোরণের সমার্থক বিস্ময় বৈভব। বিগত এক বছরেরও বেশি সময় ধরে বিহারের ১৫ বছরের ক্রিকেটার, দেশের জার্সিতে (বয়স ভিত্তিক প্রতিযোগিতায়) এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, যখন যেখানে পেরেছে পাগল করে দিয়েছে। আর এবার ভারত মায়ের দামাল ছেলেকে দস্যিপনার পুরস্কার দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এই প্রথম ইন্ডিয়া ‘এ’ দলে ডাক পেল বৈভব।
শ্রীলঙ্কা ও আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে আসন্ন ক্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করে দিলেন জাতীয় দলের নির্বাচকরা। তিলক ভার্মার (Tilak Varma) নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড হল বৈভবকে নিয়েই। জুনেই অ্যাসাইনমেন্ট। চলতি আইপিএল শেষ হওয়ার ঠিক পরেই ৯ জুন থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। শেষ হবে ২১ জুন। সীমিত ওভারের সিরিজ শেষ করেই ‘ইন্ডিয়া এ’ দল ‘শ্রীলঙ্কা এ’ দলের বিরুদ্ধে দু’টি মাল্টি ডে ম্যাচও খেলবে। বিসিসিআই আরও জানিয়েছে যে, লাল বলের ম্যাচগুলির জন্য দল পরে ঘোষণা করা হবে। সাদা বলের ম্যাচগুলি ডাম্বুলায় অনুষ্ঠিত হবে, অন্যদিকে মাল্টি ডে ম্যাচগুলি গলে হবে।
ক্রিদেশীয় সিরিজে ভারতের দল: তিলক ভার্মা (সি), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যংশ সেডগে, প্রভসিমরান সিং (উইকেটকিপার), কুমার কুশাগরা (উইকেটকিপার), বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, অনশুল কামবোজ ও আর্শাদ খান।
গতবছর আইপিএল বিস্ফোরণ থেকে শুরু করে ইন্ডিয়া এ ও ঘরোয়া ক্রিকেট (সৈয়দ মুসতাক আলি ট্রফি ও রঞ্জি ট্রফি) বৈভবের দাপট দেখিয়েছে। রানের ফুলঝুরি ছুটিয়েছে। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভাদের একজন হিসেবেই সে আবির্ভূত হয়েছে। বৈভব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ১২৬ মিনিটের ধ্বংসলীলা চালিয়েছে। ১৫ চার ১৫ ছয়ে ৮০ বলে বিস্ফোরক ১৭৫ রানের ইনিংস খেলেছে সে। টুর্নামেন্টে ৭ ইনিংসে ৪৩৯ রান করে বৈভব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সর্বাধিক রানশিকারি হয়েছে। রেকর্ডের পর রেকর্ড করেই ইতিহাসের পর ইতিহাস লিখেছে।
গতবছর আইপিএল ছিল বৈভবের সাড়া জাগানো আসরে। কিশোর সূর্যবংশী রাজস্থান রয়্যালসের হয়ে ৭টি ম্যাচে ৩৬.০০ গড়ে এবং ২০৬.৫৫-র এক অসাধারণ স্ট্রাইক রেটে মোট ২৫২ রান করেছিল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি (৩৮ বলে ১০১ রান) করে ইতিহাস লিখেছিল। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নামও লেখায়। চলতি আইপিএলেও বৈভব দারুণ ছন্দে। ১১ ইনিংসে ২৩৬-এর বেশি অবিশ্বাস্য স্ট্রাইক রেটে ৪৪০ রান করে আইপিএল মাতিয়ে দিয়েছে বৈভব। একটি সেঞ্চুরি ও দু’টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে অরেঞ্জ ক্যাপের অন্যতম দাবিদার সে। তাঁর করা ৪০০ রানের মধ্যে ৩৫৮ রানই এসেছে বাউন্ডারি থেকে।
(Feed Source: zeenews.com)
