
Kerala Couple Walks 654 km to Meet Tamil Nadu CM: প্রিয় তারকার জন্য সবকিছুই সম্ভব! তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালপতি বিজয়ের সঙ্গে দেখা করতে কেরালাম থেকে চেন্নাই পর্যন্ত ৬৫৪ কিমি পায়ে হেঁটে পাড়ি দিচ্ছেন এক দম্পতি। মহম্মদ রফি ও শাহানামোলের এই ‘থালাপতি প্রেম’ এখন নেটপাড়ায় তুঙ্গে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রিয় তারকা যখন মুখ্যমন্ত্রী হন, তখন ভক্তদের উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছাতে পারে, তার সাক্ষী থাকল দক্ষিণ ভারত। তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সি.জোসেফ বিজয় বা ভক্তদের প্রিয় ‘থালাপতি’ বিজয়ের সঙ্গে দেখা করতে কেরালামের মলপ্পুরম থেকে চেন্নাই পর্যন্ত প্রায় ৬৫৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন এক দম্পতি।
কেরালামের মলপ্পুরম জেলার তানুরের বাসিন্দা মহম্মদ রফি এবং তাঁর স্ত্রী সি.পি. উম্মু শাহানামোল। পেশায় গাড়িচালক রফি এবং শাহানামোল দুজনেই থালপতির অন্ধ ভক্ত। তাঁদের নিজস্ব একটি ভ্লগ চ্যানেলও রয়েছে, যেখানে তাঁরা এই দীর্ঘ যাত্রার প্রতিটি মুহূর্ত তুলে ধরছেন।
গত ১০ মে তামিলনাড়ুর নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজয়। তাঁর দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (TVK) নির্বাচনে দুর্দান্ত জয় পাওয়ার পর থেকেই উত্তাল সমর্থকরা। রফি ও শাহানামোলের কথায়, “আমরা দীর্ঘকাল ধরে বিজয়ের সিনেমার ভক্ত। কিন্তু তাঁর রাজনীতিতে আসা এবং বিপুল ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হওয়া আমাদের অনুপ্রাণিত করেছে। তখনই আমরা ঠিক করি, অভিনন্দন জানাতে চেন্নাই যাব এবং সেটা পায়ে হেঁটেই।”
গত ৭ মে কেরল থেকে যাত্রা শুরু করেন এই দম্পতি। পিঠে ব্যাকপ্যাক, তাঁবু আর জরুরি খাবার নিয়ে হাইওয়ে ধরে এগিয়ে চলেছেন তাঁরা। গত ১০ মে পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, তাঁরা তামিলনাড়ুর পারালি এলাকায় পৌঁছেছেন। পালঘাট হয়ে তাঁরা চেন্নাইয়ের দিকে অগ্রসর হচ্ছেন। রাতে কোথাও নিরাপদ আশ্রয় পেলে সেখানে তাঁবু খাটিয়ে নিচ্ছেন, আবার ভোরের আলো ফুটতেই শুরু হচ্ছে তাঁদের পদযাত্রা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তাঁদের কাছে কোনো আগাম অ্যাপয়েন্টমেন্ট নেই। তবুও তাঁরা আশাবাদী। রফি জানান, “সিনেমায় ওঁর চরিত্রগুলো আমাদের ভীষণ ভালো লাগত। এখন উনি বাস্তবে মানুষের নেতা। আমাদের বিশ্বাস, আমরা চেন্নাই পৌঁছালে উনি নিশ্চয়ই আমাদের সঙ্গে দেখা করবেন।”
বিজয় গত ১০ মে জওহরলাল নেহরু স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিয়েছেন। বিধানসভায় আস্থা ভোটেও জয়লাভ করেছেন তিনি। আর তাঁর এই নতুন ইনিংসকে কুর্নিশ জানাতেই রফি ও শাহানামোলের এই কঠিন সফর এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
(Feed Source: zeenews.com)
