Centralised college admission: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পাঁচ দিন পর অবশেষে চালু হল রাজ্যের কলেজে ভর্তির অভিন্ন পোর্টালের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। সোমবার দুপুরের পর থেকে পড়ুয়ারা অনলাইনে আবেদন জানাতে শুরু করেছেন।
কলেজে ভর্তির পোর্টাল
কলকাতা: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পাঁচ দিন পর অবশেষে চালু হল রাজ্যের কলেজে ভর্তির অভিন্ন পোর্টালের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। সোমবার দুপুরের পর থেকে পড়ুয়ারা অনলাইনে আবেদন জানাতে শুরু করেছেন। এর আগে উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ মে সন্ধ্যার পর পোর্টাল চালু হওয়ার কথা থাকলেও রাতভর অপেক্ষার পরও রেজিস্ট্রেশন শুরু হয়নি, ফলে উদ্বেগ বাড়ে বহু ছাত্রছাত্রীর মধ্যে।
জানা গিয়েছে, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কিছু জটিলতার কারণেই পোর্টাল চালু করতে দেরি হয়েছে। বিশেষ করে চলতি বছরে ওবিসি-এ এবং ওবিসি-বি বিভাগ আলাদা করে রাখা না- হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশাসনিক স্তরে বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে সূত্রের দাবি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত উচ্চ শিক্ষা দফতরের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিষয়টি নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘‘পোর্টাল দেরিতে খুলল, কোনও নির্দেশিকা ছিল না। ফলে লক্ষ লক্ষ পড়ুয়া উদ্বেগে ভুগলেন। সরকারি তরফে বিবৃতি দেওয়া উচিত ছিল।” তাঁর মতে, এমন পরিস্থিতি এড়াতে সরকারকে আগে থেকেই স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করা উচিত ছিল। তিনি বলেন, “ভর্তি ব্যবস্থা সুস্থ ভাবে যাতে সম্পন্ন করা যায়, তার ব্যবস্থা সরকারকে করতে হবে। পাশাপাশি স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভাবে সেই প্রক্রিয়া পরিচালনা করার জন্য উপযুক্ত পরিকল্পনা প্রয়োজন।’’
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পূর্ণভাবে এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে করা হচ্ছে। গত বছরও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর পোর্টাল চালু হয়েছিল, ফলে এবারও একই ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে পড়ুয়াদের।
অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যের প্রায় ৪৬০টি সরকারি ও সরকার পোষিত কলেজ, বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করা যাবে। একজন পড়ুয়া সর্বাধিক ২৫টি বিষয়ে আবেদন করার সুযোগ পাবেন এবং এর জন্য কোনও আবেদন ফি লাগবে না। দেশের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই পোর্টালে আবেদন করতে পারবেন। পাশাপাশি নিজেদের পছন্দ অনুযায়ী কোর্স ও প্রতিষ্ঠানের তালিকাও তৈরি করতে পারবেন আবেদনকারীরা।
কোন ওয়েবসাইটে টাকা জমা করা যাবে?
https://banglaruchchashiksha.wb.gov.in বা, https://wbsche.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘centralised admission’-এ ক্লিক করে ভর্তির আবেদন করা যাবে। অথবা সরাসরি https://wbcap.in গিয়েও আবেদন করতে পারেন পড়ুয়ারা।
(Feed Source: news18.com)