WATCH: ৪ বিশ্বকাপ খেলা ৩৯ বছরের মহাতারকা ফুটবলার কেন অঝোরে কাঁদছেন?

WATCH: ৪ বিশ্বকাপ খেলা ৩৯ বছরের মহাতারকা ফুটবলার কেন অঝোরে কাঁদছেন?

Yuto Nagatomo Cries: ৪ বিশ্বকাপ খেলা ৩৯ বছরের তারকা ফুটবলার অঝোরে কাঁদছেন, কিন্তু কেন? নেটপাড়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়ে গেল সেই ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হচ্ছে ১১ জুন। এই প্রথম ৪৮ দলের লড়াই। এবার কাপযুদ্ধ হবে তিন দেশে। ফুটবলের সবচেয়ে বড় শো-পিস ইভেন্ট আয়োজনের দায়িত্বে আমেরিকা, মেক্সিকো ও কানাডা। মোট ১৬ শহরে ১০৪ ম্যাচ। একে একে সব দলই দল ঘোষণা শুরু করে দিয়েছে। বিশ্বকাপের চূড়ান্ত দল বেছে নিয়েছে এশিয়ার মহাশক্তিধর জাপানও। 

বিশ্বের ১৮ নম্বর দেশের কোচ হাজিমে মোরিয়াসু (Hajime Moriyasu)। তিনি অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। আর এই দলে রয়েছেন ৩৯ বছরের অভিজ্ঞ ফুলব্যাক ইউটো নাগামোতো (Yuto Nagatomo)! ইন্টার মিলানের (Inter Milan) প্রাক্তন ডিফেন্ডার দলে নিজের নাম দেখে অঝোরে কেঁদেছেন। তাঁর চোখের জল বাধই মানতে চায়নি। আর সেই ভিডিয়ো রাতারাতি নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ‘সামুরাই ব্লু’দের হয়ে ইতিহাস লিখতে চলেছেন নাগামোতো। তাঁর দেশের আর কোনও ফুটবলার কেরিয়ারে ৫ বিশ্বকাপ খেলেননি। এমনকী এশিয়াতেও এই নজির আর কারোর নেই। সেটাই করতে চলেছেন নাগামোতো।

জাপানের হয়ে শেষবার  গতবছর সেপ্টেম্বরে আমেরিকার বিরুদ্ধে খেলেছিলেন নাগামোতো। এরপরেই তাঁর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছিল। দলে ওয়াতারু এন্দো এবং জুনিয়া ইটোর মতো প্রতিষ্ঠিত নাম থাকা সত্ত্বেও, হেড কোচ মোরিয়াসু শেষ পর্যন্ত নাগাতোমোর অভিজ্ঞতা ও নেতৃত্বের উপরই আস্থা রেখেছেন। ২০১০ সাল থেকে বিশ্বকাপের নিয়মিত মুখ নাগামোতো। ২০১০, ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে জাপানের ঐতিহাসিক রাউন্ড অফ সিক্সটিনে ওঠার নেপথ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। 

এখন ৩৯ বছর বয়সী নাগামোতো। ফুটবলের এই সর্বশ্রেষ্ঠ মঞ্চে আবারও নিজেকে প্রমাণ করতে মরিয়া তিনি। হয়তো বিশ্বাসই করেননি যে, তাঁকে নিয়েই হবে জাপানের এবারের স্কোয়াড। তাই হয়তো নিজের আবেগ ধরে রাখতে পারেননি। এই মুহূর্তে জে ওয়ান লিগে এফসি টোকিয়োতে খেলছেন  নাগামোতো। ইন্টার ছাড়াও সেসেনা, গালাসাতারে ও মার্সেলিতে খেলেছেন তিনি। এই নিয়ে বিশ্বকাপে অষ্টমবার খেলতে নামছে জাপান। শেষ দুই বিশ্বকাপে শেষ ষোলোতেই বিদায় নিয়েছিল সূর্যোদয়ের দেশ। ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় জাপানের। কোচ হিসেবে মোরিয়াসুর এটি দ্বিতীয় বিশ্বকাপ হবে।
(Feed Source: zeenews.com)