Chandranath Rath Murder: চন্দ্রনাথ খুনে নাটকীয় মোড়: মুক্তি পেয়ে গেলেন ‘রাজ সিং’, কেন?

Chandranath Rath Murder: চন্দ্রনাথ খুনে নাটকীয় মোড়: মুক্তি পেয়ে গেলেন ‘রাজ সিং’, কেন?

 

Suvendu Adhikari PA Death: চন্দ্রনাথ খুনে কাটল রাজ বিভ্রান্তির জট। অবশেষে ভুল ‘রাজ সিং’ মুক্তি পেলেন। অন্যদিকে, সিবিআই (CBI) অবশেষে আসল খুনিকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে নাটকীয় মোড়। গত সোমবার উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে মূল অভিযুক্ত রাজকুমার সিংকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু এর আগেও উত্তরপ্রদেশ থেকে রাজ সিং বলে এক ব্যক্তি গ্রেফতার করে পুলিস। এরপরেই শুরু হয় বিভ্রান্তি। নামের মিল থাকায় এতদিন এক সম্পূর্ণ নির্দোষ যুবককে জেলে বন্দি থাকতে হয়েছিল।

আসলে এই বিভ্রান্তির সৃষ্টি হয় কারণ, রাজকুমারেরও ডাকনাম ‘রাজ সিং’। এই নামের মিলের কারণেই পুলিস আসল অপরাধী ভেবে এক নির্দোষ মানুষকে ধরে ফেলেছিল। সিবিআই যখন বুঝতে পারে যে ধৃত যুবক নির্দোষ, তখন তারা কলকাতার আদালতে গিয়ে সত্যিটা জানায়। আদালত সঙ্গে সঙ্গে ওই নির্দোষ যুবককে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। ওই যুবকের পরিবার প্রথম থেকেই বলছিলেন যে খুনের দিন রাজ কলকাতায় ছিলেনই না, তিনি উত্তরপ্রদেশের অযোধ্যায় একটা বিয়েবাড়িতে ছিলেন। প্রমাণ হিসেবে তাঁরা সিসিটিভি ফুটেজ এবং বিয়ের ভিডিয়োও দেখিয়েছিলেন। শেষ পর্যন্ত তাঁদের কথাই সত্যি প্রমাণিত হল। অবশেষে তাঁকে মুক্তি দিল আদালত।

পুলিসের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন রাজের মা:

ছেলের গ্রেফতারের পর রাজ সিংয়ের মা জামবন্তী সিং পুলিসের বিরুদ্ধে ফেটে পড়েন। তিনি আজমগড়ের ডিআইজি-র কাছে লিখিত অভিযোগে জানিয়েছিলেন যে, তাঁর ছেলে নির্দোষ। তাঁর দাবি অনুযায়ী, গত ৯ মে সকালে তাঁরা মা-ছেলে মিলে অযোধ্যায় মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। অযোধ্যা থেকে ফেরার পথে পুলিস হঠাৎ করে রাজকে তুলে নিয়ে যায়। তাঁর অভিযোগ, পুলিস মিথ্যে জালে তাঁর ছেলেকে এই খুনের মামলায় ফাঁসিয়েছে।

আসল খুনি গ্রেফতার হল যেভাবে

এদিকে আসল খুনি রাজকুমার সিং যাতে পালাতে না পারে, সেজন্য ফাঁদ পাতে সিবিআই। গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের একটি টোল প্লাজার কাছে ওখানকার স্থানীয় পুলিসের সাহায্য নিয়ে সিবিআই ওঁত পাতে। রাজকুমার তখন দিল্লি হয়ে উত্তরাখণ্ডে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময়ই তাকে হাতেনাতে ধরে ফেলা হয়।

ঘটনার সূত্রপাত:

বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর ঠিক কয়েকদিন পরেই, ৬ মে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছিল। যেহেতু তিনি একজন শুভেন্দু অধিকারীর সহকারী ছিলেন, তাই এই খুন নিয়ে রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। শুরুতেই পুলিস এভাবে ভুল মানুষকে গ্রেফতার করায় তদন্তকারীদের বেশ মুখ পুড়ল এবং বড়সড় প্রশ্ন উঠে গেল। তবে সিবিআই-এর কর্তারা মনে করছেন, এই খুনটি খুব ঠান্ডা মাথায়, ছক কষে করা হয়েছিল। এখন আসল শুটার রাজকুমার সিং ধরা পড়ায়, তাকে জেরা করে জানা যাবে যে এই খুনের পিছনে আসলে কার হাত রয়েছে এবং আসল চক্রান্তকারী কারা।

(Feed Source: zeenews.com)