আসতে পারে অনেক বড় বদল! বাদল অধিবেশনে ২৪ বিল আনছে মোদি সরকার

আসতে পারে অনেক বড় বদল! বাদল অধিবেশনে ২৪ বিল আনছে মোদি সরকার

#নয়াদিল্লি: সোমবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। এবারের বাদল অধিবেশনে মোট ২৪টি বিল আনতে চলেছে মোদি সরকার। তার মধ্যে রয়েছে ডিজিটাল সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের বিল। সংবাদপত্র এবং ডিজিটাল সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ সংক্রান্ত বিলের খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। সংবাদপত্রের পাশাপাশি এবার থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হতে চলেছে।

এর আগে একাধিকবার ডিজিটাল সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের বিল আনার চেষ্টা করে মোদি সরকার। যদিও প্রবল সমালোচনার মুখে দাঁড়ানো যায়নি। সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করতেই মোদি সরকার এই বিল আনতে সচেষ্ট বলে অভিযোগ তুলে বিভিন্ন শিবির। এবারের বাদল অধিবেশনে সেই বিলটি আনতে চলেছে মোদি সরকার। একই সঙ্গে বিদ্যুৎ সংশোধনী বিল আনা হবে বাদল অধিবেশনে। এই বিল সংসদ আনা হলে ধর্মঘটে সামিল হবেন বিদ্যুৎ ক্ষেত্রের সঙ্গে যুক্ত ২৭ লক্ষ কর্মচারি এবং ইঞ্জিনিয়ার। সারা ভারত ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বা এআইপিইএফ এর তরফে জারি করা একটি বিবৃতিতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে। ইঞ্জিনিয়র এবং কর্মচারিদের সংগঠনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “তরিঘড়ি করে বাদল অধিবেশনে এই বিলটি সংসদে আনা উচিত হবে না। বিদ্যুৎ ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পদক্ষেপ করা উচিত। বিশেষ করে গ্রাহক এবং কর্মীদের সঙ্গেও আলোচনা করা উচিত।”

রবিবার এআইপিইএফের তরফে বিদ্যুৎ মন্ত্রীকে চিঠি লিখে এই বিল স্থগিত করার দাবি তোলা হয়েছে। এই সংশোধনী বিল যাতে সংসদে দ্রুত না আনা হয়,  তার দাবি জানানো হয়েছে চিঠিতে। পাশাপাশি অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও প্রশাসকদেরও চিঠি দেওয়া হয়েছে।বাদল অধিবেশনেও সংসদ ভবনে জারি থাকছে কোভিড বিধি। সংসদ ভবনের সেন্ট্রাল হলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকছে। বিগত কয়েকবারের মতো এবারেও সংবাদ মাধ্যমের প্রবেশের ওপর নিয়ন্ত্রণ করা হয়েছে। রাজ্যপাল মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এবং রাজ্যের মন্ত্রী এবং প্রাক্তন সাংসদ ছাড়া সংসদের সেন্ট্রাল হলে কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

RAJIB CHAKRABORTY

Published by:Uddalak B

(Source: news18.com)