)
Ebola Virus Outbreak: ২৮ বছর বয়সী ওই মহিলা গত ২৩ মে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁর শরীরে প্রচণ্ড ক্লান্তি ও হালকা ব্যথা দেখা যায়। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করে প্রথম পরীক্ষা করা হয়। কোয়ারেন্টানেও রাখা হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইবোলা আতঙ্কে ভুগছিল ভারত। আফ্রিকার কিছু দেশে নতুন করে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছিল। তবে ভারতে এই মুহূর্তে ভয়ের কোনও কারণ নেই। আফ্রিকার কিছু অংশে – বিশেষ করে কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ইতিমধ্যেই এটিকে ‘গ্লোবাল পাবলিক হেলথ ইমার্জেন্সি’ বা বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
এই পরিস্থিতিতে ভারত সরকার অত্যন্ত সতর্কভাবে পরিস্থিতর মোকাবিলা করছে। তবে আশার কথা হল, এখনও পর্যন্ত ভারতে কোনও ইবোলা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। প্রাথমিকভাবে একজনের শরীরে ইবোলা ভাইরাসের উপসর্গ দেখা গেলেও পরীক্ষার পর তা নেগেটিভ আসে। ফলে আপাতত চিন্তার কোনও কারণ নেই।
কী হয়েছিল?
উগান্ডা থেকে বেঙ্গালুরুতে আসা এক মহিলার শরীরে হালকা অসুস্থতা দেখা দেওয়ায় তাঁকে সতর্কতার জন্য হাসপাতালে কোয়ারেন্টাইন রাখা হয়েছিল। পরে পুনেতে তাঁর রক্ত পরীক্ষা করা হয় এবং রিপোর্ট নেগেটিভ আসে। অর্থাৎ, তিনি সম্পূর্ণ সুস্থ এবং তাঁর ইবোলা হয়নি।
সরকারের আগাম প্রস্তুতি ও কড়া নিয়ম
ভাইরাস যাতে কোনওভাবেই দেশে ঢুকতে না পারে, সেজন্য সরকার কিছু বড় পদক্ষেপ নিয়েছে: বিমানবন্দরে পরীক্ষা: বিদেশ থেকে বিশেষ করে আফ্রিকা থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে কড়াভাবে স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ভারতীয় নাগরিকদের আপাতত উগান্ডা, কঙ্গো বা দক্ষিণ সুদানের মতো ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে খুব জরুরি প্রয়োজন ছাড়া যেতে বারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বৈঠক স্থগিত
সুরক্ষার খাতিরে ভারত ও আফ্রিকার মধ্যে হতে যাওয়া বড় বড় সম্মেলন বা মিটিং আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। ২১ দিনের বিশেষ হেলথ অ্যাডভাইজারি বা কড়া নজরদারির প্রোটোকল চালু করা হয়েছে, যাতে কোনো লক্ষণ দেখা গেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
স্বাস্থ্য মন্ত্রকের আশ্বাস ভারতে এখন পর্যন্ত কোনও ইবোলা কেস নেই এবং ভারতের সীমিত আন্তর্জাতিক প্রবেশপথ বা বিমানবন্দরগুলোর কারণে বিদেশ থেকে আসা যাত্রীদের ট্র্যাকিং করা স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য বেশ সহজ হচ্ছে। আফ্রিকায় ইবোলার পরিস্থিতি উদ্বেগজনক হলেও ভারতে এই মুহূর্তে ভয়ের কোনও কারণ নেই। সরকার ও স্বাস্থ্য প্রশাসন অত্যন্ত তৎপর এবং যেকোনও পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
(Feed Source: zeenews.com)
