)
FDA recommends new COVID vaccines: FDA-র মতে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে লড়ার জন্য কোভিড টিকার আপডেট অতি জরুরি। বর্তমানে কোভিড-১৯-এর সবচেয়ে প্রভাবশালী ভ্যারিয়েন্ট ‘এক্সএফজি’ (XFG)। বাজার চলতি কোভিড টিকাগুলি এই ভ্যারিয়েন্ট সঙ্গে লড়ার জন্য সম্পূর্ণরূপে উপযুক্ত নয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিড টিকা নিয়ে বড় খবর। এখনই কোভিড টিকার আপডেশন জরুরি। মানে নতুন করে কোভিড টিকা তৈরি জরুরি। এমনটাই বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)।
FDA-র মতে কোভিডের নতুন ও সাম্প্রতিক ভ্যারিয়েন্টের সঙ্গে লড়ার জন্য কোভিড টিকার আপডেট জরুরি। বর্তমানে কোভিড-১৯-এর সবচেয়ে প্রভাবশালী ভ্যারিয়েন্ট ‘এক্সএফজি’ (XFG)। আর বাজারে যেসব টিকা চলতি আছে, সেগুলি এই ভ্যারিয়েন্ট সঙ্গে লড়ার জন্য সম্পূর্ণরূপে উপযুক্ত নয়। তাই দরকার টিকার আপডেট। আর এরপরই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে কোভিড নিয়ে।
এমন অবস্থায়, পরিস্থিতি আরও জটিল হয়েছে ভাইরাসের বর্তমান রূপান্তর সম্পর্কিত তথ্য বা ডেটার ঘাটতি। যা নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এফডিএ-এর ‘ভ্যাকসিন অ্যান্ড রিলেটেড বায়োলজিক্যাল প্রোডাক্টস অ্যাডভাইজরি কমিটি’ (VRBPAC)-এর ভোটাভুটিতে ৯ জন সদস্যের মধ্যে ৮ জনই এক্সএফজি ভ্যারিয়েন্টকে লক্ষ্য করে টিকা তৈরির পক্ষে রায় দেন। আর একজন সদস্য ভোটদানে বিরত থাকেন।
মূলত শরৎকাল থেকে আগামী শীতকালীন মৌসুমে কোভিডের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাতেই আগেভাগে টিকা তৈরির প্রস্তুতি নেওয়ার সুপারিশ করা হয়েছে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-ও টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে মোনোভ্যালেন্ট এলপি.৮.১ (LP.8.1) স্ট্রেইন অথবা এক্সএফজি (XFG) ও এনবি.১.৮.১ (NB.1.8.1)-এর মতো বর্তমান সক্রিয় ভ্যারিয়েন্টগুলোকে টার্গেট করে টিকা তৈরির পরামর্শ দিয়েছিল।
কিন্তু নতুন করে এই টিকা তৈরি করতে গিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছে, বর্তমানে ভাইরাসের বিবর্তন সম্পর্কিত ডেটা বা তথ্য। এর প্রধান কারণ হল রাজ্য ও স্থানীয় স্বাস্থ্য দফতর থেকে জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য এবং ভাইরোলজিক্যাল ল্যাবরেটরির ডেটা আদান-প্রদান ব্যাপকভাবে কমে গিয়েছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর কোভিড ড্যাশবোর্ডেও এই ঘাটতি স্পষ্ট। যেখানে কম জিনোম সিকোয়েন্সিং রিপোর্ট জমা পড়ার কারণে সাপ্তাহিক ডেটা পাওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত, বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য মূলত চারটি টিকা অনুমোদিত রয়েছে। এর মধ্যে ফাইজার-বায়োএনটেক (Pfizer-BioNTech) এবং মডার্নার (Moderna) তৈরি তিনটি এমআরএনএ (mRNA) ভিত্তিক ভ্যাকসিন এবং নোভাভ্যাক্স-সানোফির (Novavax-Sanofi) তৈরি একটি প্রোটিন-ভিত্তিক ভ্যাকসিন। ফাইজার, মডার্না এবং সানোফি ইতিমধ্যেই নিশ্চিত করে জানিয়েছে যে, নতুন এক্সএফজি ফর্মুলা অনুযায়ী টিকা তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে সক্ষম হবে।
(Feed Source: zeenews.com)
