Menstrual Leave: মাসে ৩ দিন মেনস্ট্রুয়াল লিভ, মাতৃত্বকালীন ৬ মাস ছুটি, বড় ঘোষণা এই রাজ্যে

Menstrual Leave: মাসে ৩ দিন মেনস্ট্রুয়াল লিভ, মাতৃত্বকালীন ৬ মাস ছুটি, বড় ঘোষণা এই রাজ্যে

 

Kerala Menstrual Leave for Schoolgirls: ক্ষমতায় এসেই ইউডিএফ মহিলা ও শিশুদের জন্য একাধিক পদক্ষেপ করেছে। এবার স্কুল ছাত্রীদের জন্য নয়া উদ্যোগ নিল সে রাজ্যের সরকার।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেয়েদের জন্য এবার নজিরবিহীন উদ্যোগ নিতে চলেছে কেরালা সরকার।  ক্ষমতায় এসেই ইউডিএফ (UDF) মহিলা ও শিশুদের জন্য যুগান্তকারী পরিকল্পনা করেছে। সতীশন সরকারের এই নীতি ও পরিকল্পনাগুলো আনুষ্ঠানিকভাবে রাজ্য বিধানসভায় ঘোষণা করলেন গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর।

ছাত্রীদের জন্য ‘ঋতুস্রাবকালীন ছুটি’ ও বিশেষ ক্লাস

‘মেনস্ট্রুয়াল ডিগনিটি’ বা ‘ঋতুস্রাবের মর্যাদা’ প্রকল্পের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসাধারণের জন্য নির্ধারিত জায়গা নারী ও মেয়েদের জন্য আরও উপযোগী করে তোলা হবে। এই প্রকল্পের আওতায় স্কুলছাত্রীদের জন্য মাসে ৩ দিনের ঋতুস্রাবকালীন ছুটির ব্যবস্থা করা হবে। ছুটির কারণে ছাত্রীরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সেজন্য সপ্তাহের শেষে বিশেষ ব্যাক-আপ বা ক্যাচ-আপ ক্লাসের আয়োজন করা হবে।

কর্মক্ষেত্রে ডে-কেয়ার ও ক্রেশ সুবিধা

মাতৃত্বকালীন সুবিধা আইন ১৯৬১ অনুযায়ী নতুন ‘চাইল্ড কেয়ার রুলস’বা শিশু যত্নের জন্য কিছু নিয়ম চালু করা হচ্ছে। এর ফলে সমস্ত সরকারি অফিস,শিল্প প্রতিষ্ঠান,আইটি পার্ক এবং ৫০ জনের বেশি কর্মী আছে এমন যে কোনও সংস্থায় নিরাপদ ও উন্নতমানের ডে-কেয়ার সেন্টার বা ক্রেশ রাখা বাধ্যতামূলক করা হবে।

অনাথ-মুক্ত কেরালা গঠন 

কেরালাকে দেশের প্রথম ‘অনাথ-মুক্ত’ রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি বিশেষ অভিযান চালানো হবে। যেখানে দত্তক নেওয়ার প্রক্রিয়াকে আরও উৎসাহিত করা হবে। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত এবং সচ্ছল ‘ফস্টার ফ্যামিলি’-র তালিকা তৈরি করা হবে।

অসংগঠিত ক্ষেত্রের নারীদের জন্য বিশেষ সুবিধা

সমাজের সব স্তরের নারীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত নারীদের জন্য ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা হবে। কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হবে।

কেরালার সমস্ত প্রধান শহরগুলোতে পর্যাপ্ত ও উন্নতমানের পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। নারীদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন,জুতো এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহজে ও সুলভে পাওয়ার ব্যবস্থা করা হবে। কেরালার নতুন সরকারের এই ঐতিহাসিক পদক্ষেপগুলো নারী ও শিশুদের স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

(Feed Source: zeenews.com)