Rachna Banerjee: ক্ষমা চেয়েও পার পেলেন না রচনা বন্দ্যোপাধ্যায়, আরজি করের ভিডিও ঘিরে থানায় ডায়েরি

Rachna Banerjee: ক্ষমা চেয়েও পার পেলেন না রচনা বন্দ্যোপাধ্যায়, আরজি করের ভিডিও ঘিরে থানায় ডায়েরি

Police Complaint Filed Against TMC MP Rachana Banerjee: আরজি কর নির্যাতিতার নাম প্রকাশ্য ভিডিওতে বলে ফেলার জের! এবার আইনি বিপাকে জড়িয়ে পড়লেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। চারু মার্কেট থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী। যদিও বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে আইনি পথেই লড়াইয়ের বার্তা দিলেন রচনা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আরজি কর কাণ্ডের আবহে এবার বড়সড় আইনি জড়ামড়িতে পড়তে চলেছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী তথা হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। আরজি কর হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের নাম প্রকাশ্যে বলে ফেলার অভিযোগে তাঁর বিরুদ্ধে কলকাতার চারু মার্কেট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা এবং দেশের আইন অনুযায়ী, কোনোও যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হওয়া নির্যাতিতার নাম-পরিচয় কোনোভাবেই প্রকাশ্যে আনা যায় না। রচনা বন্দ্যোপাধ্যায় সেই আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছেন এক আইনজীবী।

জানা গিয়েছে, আইনজীবী শায়ন সচিন বসু গত কাল চারু মার্কেট থানায় গিয়ে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন। তাঁর অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৫ অগস্ট সমাজমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে রচনা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আরজি করের নির্যাতিতার আসল নাম প্রকাশ করেছিলেন, যা দেশের প্রচলিত আইন অনুযায়ী সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। এই ঘটনার প্রেক্ষিতে সাংসদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন ওই আইনজীবী। তবে পুলিশ সূত্রের খবর, লিখিত অভিযোগ জমা পড়লেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও এফআইআর বা অফিশিয়াল মামলা রুজু করা হয়নি।

এই গোটা বিতর্ক এবং থানায় অভিযোগ দায়ের হওয়া প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আরজি করের সেই ঘটনার সময় যে আলোড়ন তৈরি হয়েছিল, সেই সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সেই সময় অজান্তে, অসতর্কবশত তাঁর মুখ দিয়ে নির্যাতিতার নাম বেরিয়ে গিয়েছিল। সাংসদ আরও মনে করিয়ে দেন যে, এটি সম্পূর্ণ একটি অনিচ্ছাকৃত ভুল ছিল এবং এর জন্য তিনি পরবর্তীতে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছিলেন। তবে বিষয়টি যেহেতু এবার থানার দোরগোড়া পর্যন্ত পৌঁছে গিয়েছে, তাই তিনিও যে হাত গুটিয়ে বসে থাকবেন না, তা পরিষ্কার করে দিয়েছেন ‘দিদি নম্বর ওয়ান’। রচনা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, এখন কেউ যদি এই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন, তবে তাঁকে বাধ্য হয়ে আইনি পথেই এগোতে হবে।

তিনি উল্লেখ করেছেন, যেহেতু বিষয়টি এখন আইনি রূপ নিতে চলেছে, তাই তিনিও তাঁর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। তবে রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনও পর্যন্ত চারু মার্কেট থানার পক্ষ থেকে তাঁর সঙ্গে কোনও রকম যোগাযোগ করা হয়নি বা তিনি কোনও ফোনও পাননি। যদি থানা থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়, তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই নিজের আইনজীবীর মাধ্যমে তার উত্তর দেবেন।

(Feed Source: zeenews.com)