জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন

জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন

 

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে বৈঠক করলেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। বৈঠকে সঙ্গে ছিলেন জাহাজ মন্ত্রকের অন্যান্য আধিকারিকরাও। জানা গিয়েছে, রাজ্যের নতুন বন্দরের সম্ভাবনা খতিয়ে দেখতেই এই বৈঠক। এ ছাড়াও রাজ্যের বর্তমান বন্দরগুলোর পরিকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। পশ্চিমবঙ্গের উন্নতির জন্য সর্বাগ্রে প্রস্তুত ডাবল ইঞ্জিন সরকার, নবান্নে বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলছেন, তাজপুরে বন্দর তৈরি করতে প্রয়োজনীয় জমি নেই রাজ্যের হাতে। যদিও তিনি ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড়ে প্রয়োজনীয় জমি রয়েছে বলেও জানিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর, মূল্যায়ন করতে গিয়ে দেখেছি, তাজপুর সমুদ্র বন্দর নিয়ে গতকাল আদানি গ্রুপের এমডি করণ আদানির সঙ্গেও আমার আলোচনা হয়েছিল। ইতিমধ্যে ওঁরা এই প্রকল্প থেকে বেরিয়ে গিয়েছেন। আমরাও দেখেছি ওটা সম্ভব ছিল না। কারণ, সরকারের হাতে কোনও জমি ছিল না।”

আজ কী নিয়ে কথা হয়েছে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, “আগে বিরোধী দলনেতা হিসাবে এই কথা আমি বলেছিলাম, যতক্ষণ না রেল, হাইওয়ে, ওয়্যারহাউস সহ কয়েক হাজার একর জমি না থাকবে, ততক্ষণ তাজপুর ডিপ সি পোর্ট দাঁড়াবে না। তাজপুর থেকে ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড়। এখানে পুরোনো নুনের কারখানা ছিল। সেখানে ১ হাজার ৭০০ একর জমি রয়েছে রাজ্যের হাতে। আমরা এখন ওইটা নিয়ে এগোব। আজ আমাদের মিটিংয়ের এজেন্ডা এটাই ছিল। ১ হাজার ৭০০ একর জমি হাতে নিয়ে আমরা এগোব। পরে জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিক ভাবে আমরা আজ এটি সিদ্ধান্ত নিয়েছি।”

(Feed Source: abplive.com)