Khan Sir Case Update: গুলিচালনা মামলায় খান স্যারের আগাম জামিনের আবেদন মামলায় স্বস্তি মিলল না। রায় সংরক্ষিত রাখল পটনা আদালত।
কোচিং সেন্টারে গুলি-ভাঙচুর কাণ্ডে আরও বিপাকে খান স্যার
পটনা: জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফৈজল খান, যিনি ‘খান স্যার’ নামে পরিচিত, তাঁর আগাম জামিনের আবেদনের শুনানি শেষে সোমবার রায়দান স্থগিত রাখল পটনার একটি আদালত। চলতি মাসের শুরুতে তাঁর কোচিং সেন্টারে গুলিচালনা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া এফআইআরে নাম জড়ানোর পর গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
২ জুন খান গ্লোবাল স্টাডিজ ইনস্টিটিউটের বাইরে ঘটে যাওয়া ওই ঘটনার পর পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা দায়ের করে। সেই মামলাতেই আগাম জামিনের আবেদন করেন খান স্যার। শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর আইনজীবী অরবিন্দ কুমার মাহুয়ার জানান, আদালতে বিষয়টি নিয়ে বিস্তারিত যুক্তি পেশ করা হয়েছে এবং বিচারক রায় সংরক্ষিত রেখেছেন।
মাহুয়ার আরও জানান, খান স্যারের প্রতিষ্ঠানের কর্মীরা এর আগে অন্য একটি কোচিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার পরেই এই মামলা সামনে আসে। ঘটনার সূত্রপাত ২ জুন। সেদিন খান গ্লোবাল স্টাডিজ ইনস্টিটিউট চত্বরে অশান্তির মাঝে গুলিচালনার অভিযোগ ওঠে। তদন্তে নেমে কদমকুয়ান থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারা-সহ অস্ত্র আইনের একাধিক ধারায় খান স্যার-সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।
পুলিশের দাবি, তদন্তে উদ্ধার হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভাঙচুরের ঘটনার পর দুই ব্যক্তি শূন্যে গুলি চালাচ্ছেন। ভিডিওতে দেখা দুই নিরাপত্তারক্ষীকে পরে শনাক্ত করে আটক করা হয়। তদন্তকারীদের বক্তব্য, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য এবং অস্ত্র উদ্ধারের ভিত্তিতেই খান স্যার ও আরও দুই ব্যক্তির বিরুদ্ধে প্ররোচনা এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
এদিকে, ‘লাইভ ল’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সাংবাদিক অঞ্জনা ওম কাশ্যপ এবং টিভি টুডে নেটওয়ার্ক দিল্লি হাই কোর্টে খান স্যারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। অভিযোগ, ‘স্টার টিচার’দের নিয়ে সংবাদ পরিবেশনের প্রসঙ্গে অঞ্জনা ওম কাশ্যপকে উদ্দেশ্য করে খান স্যার যে মন্তব্য করেছিলেন, তা মানহানিকর। ওই মন্তব্যগুলি সরিয়ে দেওয়ার আর্জিও জানানো হয়েছে মামলায়।
(Feed Source: news18.com)