)
India’s Biggest Test Victory: আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে গুঁড়িয়ে সবচেয়ে বড় টেস্ট জয়ের স্বাদ পেল ভারত। আর অভিষেকেই ৭ উইকেট নিয়ে ইতিহাস লিখলেন মানব সুতার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-আফগানিস্তান টেস্টে (India vs Afghanistan One-Off Test Match) যা হওয়ার ছিল ঠিক সেটাই ঘটল। ২০১৮ সালে বেঙ্গালুরুতে এই দুই দল প্রথবার টেস্ট খেলেছিল। ভারত সেবার ইনিংস ও ২৬২ রানে জিতেছিল এবং মাত্র দু’দিনের মধ্যে খেলা শেষ হয়ে গিয়েছিল। ৮ বছর পর প্রায় একই রেজাল্ট। আর এবার ইতিহাস। শুভমন গিলরা (Shubman Gill) মাত্র আড়াই দিনে হাশমাতুল্লাহ শাহিদির দলকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে নজির গড়ল। রানের বিচারে ভারতের এটাই সবচেয়ে বড় টেস্ট জয়।
যেমন ছিল ভারত-আফগানিস্তান টেস্টে
নয়া চণ্ডীগড়ের মুল্লানপুরে হল ভারত-আফগানিস্তান টেস্ট। মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জেতেন শুভমনরা। কেএল রাহুল (১০০) ও গিলের (১২৬) শতরানে প্রথম ব্যাট করে ভারত প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৬৪ রান তুলে ডিক্লেয়ার করেছিল। সাই সুদর্শন (৮১), ঋষভ পন্থ (৮১) ও ওয়াশিংটন সুন্দর (৫২) ভালো ব্যাট করেছেন। জবাবে আফগানরা ১৫২ রানে অলআউট হয়ে যান! মানব সুতারের স্পিনের ঘূর্ণিতে হারিয়ে যায় যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশ। অভিষেকেই মানব জান চেনান। তুলে নেন ৬ উইকেট। ৩ উইকেট নেন প্রসিধ কৃষ্ণ, এক উইকেট পেয়েছেন ওয়াশিংটন। আন্তর্জাতিক টেস্টে প্রথম দল, দ্বিতীয় দলের চেয়ে ২০০ বা তার বেশি রানে এগিয়ে থাকলে ফলো-অন করাতে পারে। সেই নিয়ম মেনেই হাশমাতুল্লাহদের ফের ব্যাট করতে পাঠান শুভমনরা। এবার আফগানিস্তানের আরও শোচনীয় অবস্থা হল। ১১২ রানে গুটিয়ে যায় তারা। ওয়াশিংটন আর কুলদীপ যাদবই দ্বিতীয় ইনিংস বুঝে নেন। ওয়াশিংটন পান ৪ উইকেট, কুলদীপের ঝুলিতে আসে ৩ উইকেট। আর এক উইকেট মানব ও মহম্মদ সিরাজের।
ম্যাচের সেরা মানব সুতারের ইতিহাস
১) টেস্ট অভিষেকে ভারতের হয়ে দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যান: আফগানিস্তানের প্রথম ইনিংসে সুতার ২২ ওভারে ৩৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নরেন্দ্র হিরওয়ানির ৮ উইকেট (৬১ রানে) শিকারের পরই তাঁর এই পারফরম্যান্স থাকবে
২) শেষ ৩৮ বছরের মধ্যে টেস্ট অভিষেকে সেরা বোলিং পরিসংখ্যান: ১৯৮৮ সালের পর কোনও ভারতীয় বোলারের করা এটিই সবচেয়ে মিতব্যয়ী ও কার্যকর অভিষেক বোলিং পারফরম্যান্স (৬/৩৩)। যা করলেন মানব
৩) ইনিংসের প্রথম ওভারেই উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব: আন্তর্জাতিক ক্রিকেটে নিজের করা প্রথম ওভারের চতুর্থ বলেই আফগান ওপেনার আব্দুল মালিককে আউট করেন সুতার। ২০০১ সালে টিনু ইয়োহানানের পর সুতারই প্রথম ভারতীয় বোলার, যিনি টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন।
৪) এলিট ‘পাঁচ-উইকেট’ ও ‘ছয়-উইকেট’ ক্লাবে এন্ট্রি: টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট শিকার করা সামগ্রিক ভাবে দশম (এবং সপ্তম স্পিনার) ভারতীয় ক্রিকেটার হলেন সুতার। হিরওয়ানি, রবিচন্দ্রন অশ্বিন, দিলীপ দোশি ও সৈয়দ আবিদ আলির পর ইতিহাসের মাত্র পঞ্চম ভারতীয় বোলার হিসেবে নিজের প্রথম টেস্টেই ছয় উইকেট নিলেন মানব।
৫) একুশ শতকে স্পিন বোলিংয়ে বিরল মাইলস্টোন: ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অমিত মিশ্রের পর, মানব একুশ শতকে নিজের অভিষেক টেস্ট ইনিংসে পাঁচ উইকেট শিকার করা দ্বিতীয় ভারতীয় স্পিনার হলেন।
রানের বিচারে ভারতের সবচেয়ে বড় টেস্ট জয়
২০২৬ সালে আফগানিস্তানের বিরুদ্ধে মুল্লানপুরে ইনিংস ও ৩০০ রানে জয়ী ভারত
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোট ইনিংস ও ২৭২ রানে জয়
২০১৮ সালেই আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ইনিংস ও ২৬২ রানে জয়
২০১৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরে ইনিংস ও ২৩৯ রানে জয়
২০০৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নাগপুরে ইনিংস ও ২৩৯ রানে জয়
(Feed Source: zeenews.com)
