তীব্র গরমে তৃষ্ণার্থ সমর্থকদের বোতল বোতল জল দিয়ে সৌজন্যের নজির গড়লেন আফগান তারকা

তীব্র গরমে তৃষ্ণার্থ সমর্থকদের বোতল বোতল জল দিয়ে সৌজন্যের নজির গড়লেন আফগান তারকা

 

মুল্লানপুর: মাঠ থেকে মাঠের বাইরে, বারংবার ভারত ও আফগানিস্তানের (India vs Afghanistan) ক্রিকেটার থেকে সমর্থক, সকলের মধ্যেই বন্ধুত্বের ছবি, সৌজন্যের ছবি ধরা পড়েছে। ফের একবার এমনই এক ছবি দেখা গেল মুল্লানপুরের মাঠে।

নিউ চণ্ডীগড়ে তপ্ত গরমে ভারত বনাম আফগানিস্তানের ম্যাচ আয়োজিত হচ্ছিল। সেখানেই স্টেডিয়ামের লোয়ার টিয়ারে থাকা সমর্থকরা গরমে বেশ কষ্টই পাচ্ছিলেন। সেই সময় ক্যায়েস আমেদ (Qais Ahmad) জলপানের বিরতিতে দলের ক্রিকেটারদের ঠান্ডা পানীয় দিয়ে ডাগআউটের দিকে ফিরছিলেন। এমন সময়ে কয়েকজন সমর্থকরা তাঁকে দেখে তাঁর থেকে জল চান। কোনও দিক না দেখে, দুইবার ভাবনাচিন্তা না করে বোতলের পর বোতল ঠান্ডা জল থেকে সফ্ট ড্রিঙ্কস সমর্থকদের দিকে ছুড়ে দেন তরুণ ২৫ বছর বয়সি আফগান ক্রিকেটার।

মাঠে থাকা খেলোয়াড়রা অনেক সময়ই স্ট্যান্ড থেকে আসা সমর্থকদের না না আবেদন, অনুরোধের তোয়াক্কা না করেই সেখান থেকে চলে যান, তবে এমন পরিস্থিতিতে ক্যায়েশের সেখানে থেমে জল দেওয়াটা মানবতার উদাহরণ বলেই মনে করছেন নেটিজেনরা। তাঁর এই সৌজন্যমূলক আচরণই সকলের নজর কেড়ে নিয়েছে, আর ভাইরাল হয়েছে তাঁর ভিডিও।

ম্যাচের কথা বলতে গেলে সোমবারই আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে দুরন্ত জয় পেয়েছে ভারত। প্রথম ইনিংসে নবাগত মানব সুথার তো দ্বিতীয় ইনিংসে কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর। মুল্লানপুরের ভারতের স্পিন ফাঁদেই একেবারে নাকানিচোবানি খান আফগান ব্যাটাররা। ফলো অনের পর দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমেও ১১২ রানেই অল আউট হয়ে যায় আফগানিস্তান। ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেন এই ম্য়াচেই অভিষেক ঘটানো মানব সুথার। নিশ্চিতভাবেই ম্য়াচের সেরাও তিনিই।

(Feed Source: abplive.com)