)
Rahul Banerjee Death Case: রাহুলের মৃত্যুতদন্তের দাবিতে এক মাসব্যাপী বাংলা সিনেইন্ডাস্ট্রিতে ঝড় বয়ে গেলেও সময়ের সঙ্গে থিতিয়ে পড়েছে সংশ্লিষ্ট ইস্যু! এবার সেই মামলাতেই দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দপ্তরের। অতঃপর রাহুলের মৃত্যুর তদন্তে এবার সরাসরি হস্তক্ষেপ করল দিল্লি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার সরাসরি হস্তক্ষেপ করল প্রধানমন্ত্রীর দফতর (PMO)। গত ২৯ মার্চ, ২০২৬-এ ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। এই ঘটনায় সেটে চরম নিরাপত্তাহীনতা ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হয়েছিল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। এবার সেই অভিযোগের ভিত্তিতেই ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর, মুখ্যসচিব ও বালেশ্বর পুলিসকে ঘটনার পূর্ণাঙ্গ পর্যালোচনার পাশাপাশি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিল PMO।
অভিযোগ, প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর চরম গাফিলতির কারণেই প্রাণ হারাতে হয়েছে রাহুলকে। এই ঘটনার প্রেক্ষিতে প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং শ্যুটিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে খুন-সহ একাধিক কঠোর ফৌজদারি ধারায় মামলা রুজু করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, ওই প্রযোজনা সংস্থাকে চিরতরে ‘ব্ল্যাকলিস্ট’করার আবেদনও জানিয়েছে সংগঠনটি। ইতিপূর্বেই এই বিষয়ে তালসারি থানায় এফআইআর দায়ের করেছিলেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
গোড়া থেকেই ইউনিটের সদস্যদের বয়ানের সঙ্গে পুলিসের হাতে আসা ফুটেজে অসঙ্গতি পাওয়ায় রহস্য দানা বেঁধেছিল। এরপর রাহুলের মৃত্যুতদন্তের দাবিতে এক মাসব্যাপী বাংলা সিনেইন্ডাস্ট্রিতে ঝড় বয়ে গেলেও সময়ের সঙ্গে থিতিয়ে পড়েছে সংশ্লিষ্ট ইস্যু! এবার সেই মামলাতেই দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দপ্তরের। অতঃপর রাহুলের মৃত্যুর তদন্তে এবার সরাসরি হস্তক্ষেপ করল দিল্লি। প্রধানমন্ত্রীর দফতরের এই কড়া নির্দেশিকা পাওয়ার পর, ওড়িশা সরকার পুরো বিষয়টি বালেশ্বর জেলার পুলিস সুপারের কাছে পাঠিয়েছে এবং দ্রুত আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছে।
সিনে সংগঠনের স্পষ্ট বক্তব্য, কোনোভাবেই শিল্পী, কলাকুশলী বা প্রযুক্তি-কর্মীদের জীবন অবহেলার মুখে ফেলে ঝুঁকিতে দেওয়া যায় না। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতেও শুটিং সেটে নিরাপত্তা বিধি উপেক্ষা করার প্রবণতা বাড়বে। তাই রাহুলের মৃত্যুর ন্যায়বিচার যাতে আর বিলম্বিত না হয় এবং দোষীদের দ্রুত জিজ্ঞাসাবাদের জন্য আনা যায়, সেই লক্ষ্যেই কেন্দ্রের এই জরুরি হস্তক্ষেপ। ওড়িশা পুলিসের বিশেষ দলের তদন্তে এবার কোন কোন চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, এখন সেটাই দেখার।
(Feed Source: zeenews.com)
