
New Zealand Cricketer Kane Williamson Retirement: ভেঙে গেল ‘ফ্যাব ফোর’! আচমকাই মহানক্ষত্রহীন হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট। ৩৫ বছরে তিনি থামালেন ৪৮ সেঞ্চুরির ব্যাট!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউ জিল্যান্ড এসেছে ইংল্যান্ডে (New Zealand tour of England, 2026)। লর্ডসে বেন স্টোকসের (Ben Stokes) টিমের কাছে টম ল্যাথামরা ১১৫ রানেই হেরেছেন। ১৭ জুন কেনিংটন ওভালে দ্বিতীয় টেস্ট শুরু, আর তাঁর আগেই ল্যাথামরা হারালেন কিউয়ি কিংবদন্তি কেন উইলিয়ামসনকে (Kane Williamson)। আধুনিক ক্রিকেটের ‘ফ্যাব ফোর’ ভারতের বিরাট কোহলি (Virat Kohli), অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (Steve Smith), ইংল্যান্ডের জো রুট (Joe Root) ও নিউ জিল্যান্ডের উইলিয়ামসনকে নিয়ে। ভেঙে গেল ‘ফ্যাব ফোর’! সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বললেন উইলিয়ামসন! ইংল্যান্ডের বিরুদ্ধে শুধু এই সিরিজেই নয়, আর কখনই নিউ জিল্যান্ডের জার্সিতে দেখা যাবে না ৩৫ বছরের টপ অর্ডার ব্যাটারকে! কিউয়ি মহারথীর এই আচমকা সিদ্ধান্তে চমকে গিয়েছে বাইশ গজ।
বিদায়ী বিবৃতিতে উইলিয়ামসন বলেছেন
‘আমি বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই ভেবেছি, তবে গত কয়েক দিনে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এখনই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমার সবসময়ই প্রবল আগ্রহ ও তাগিদ ছিল। নিউ জিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে আমি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি—এই বিষয়টি আমাকে গর্বিত করে। এর চেয়ে কম কিছু নিয়ে চালিয়ে যাওয়া ঠিক হবে না। আর নিজের শর্ত অনুযায়ী সরে দাঁড়াতে পারছি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এই দলটির ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী হয়েই বিদায় নিচ্ছি। দলে প্রচুর প্রতিভা রয়েছে এবং এই নিউ জিল্যান্ডের হয়ে বিশেষ কিছু করার সত্যিকারের আকাঙ্ক্ষাও বিদ্যমান। এই দলটিকে আমি ভালোবাসি এবং এত দীর্ঘ সময় ধরে এর অংশ হতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। এটি সবসময়ই আমার হৃদয়ের খুব কাছেরই থাকবে।’
অসাধারণ কেরিয়ার ছিল উইলিয়ামসনের
অসাধারণ প্রতিভাবান উইলিয়ামসন ২০১০ সালের নভেম্বরে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন। আন্তর্জাতিক আঙিনায় নিজের আগমনী বার্তা জানান দিয়েছিলেন। এর ঠিক তিন মাস আগেই ভারতের বিপক্ষেই তাঁর ওডিআই অভিষেক হয়েছিল। সব ধরনের ফরম্যাট মিলিয়ে উইলিয়ামসনের ১৯৩৪৬ রান রয়েছে। ৪৮ সেঞ্চুরি করেছেন তিনি। নিউ জিল্যান্ডের সর্বোচ্চ রানশিকারি হিসেবে নিজের কেরিয়ারে ইতি টানছেন তিনি। ১১০ টেস্টে ৫৪.০৬-র গড়ে ৯৫১৫ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৩৮ হাফ-সেঞ্চুরি ও ৩৩ সেঞ্চুরি। ওডিআই-তে উইলিয়ামসনের পরিসংখ্যান সমানভাবে ঈর্ষণীয়! ১৭৫ ম্যাচে ৪৮.৬৯-র গড়ে তিনি ৭২৫৬ রান করেছেন। রয়েছে ৪৭ ফিফটি ও ১৫ সেঞ্চুরি। উইলিয়ামসনকে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় হতে চলা আগামী বছরের বিশ্বকাপে আর খেলতে দেখা যাবে না।
অধিনায়ক হিসেবেও ছিলেন অসাধারণ
উইলিয়ামসন ৪০ টেস্ট, ৯১ ওডিআই এবং ৭৫ টি-টোয়েন্টিআই ম্যাচে অত্যন্ত সফল ভাবে নিউ জিল্যান্ড দলের নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে ২০১৯ ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেছিল কিউয়িরা। তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। তাঁর নেতৃত্বে ২০২১ টি-টোয়েন্টিআই বিশ্বকাপের ফাইনালও খেলে নিউ জিল্যান্ড। অধিনায়ক হিসেবে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য ছিল উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়। ২০২১ সালের জুনে সাউদাম্পটনে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি ৪৯ ও অপরাজিত ৫২ রান করেছিলেন এবং ভারতকে নিউ জিল্যান্ড হারিয়েছিল। নিউ জিল্যান্ডের পুরুষ দলের হয়ে ষষ্ঠ সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়ও তিনি। চারবার ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ বিজয়ী উইলিয়ামসন ২০১৯ সালে ‘আইসিসি মেনস টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
(Feed Source: zeenews.com)
