)
Prabaha-Debolina: দেবলীনা নন্দী এবং তাঁর পাইলট স্বামী প্রবাহ নন্দী-র বৈবাহিক জীবনের টানাপোড়েন ও আইনি বিচ্ছেদের খবর বিগত কয়েক মাস ধরেই বিনোদন জগতের অন্যতম চর্চার বিষয়। বছরের শুরুতে দেবলীনার আত্মহত্যার চেষ্টা এবং সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে জিনিসপত্র উদ্ধার করতে গিয়ে হেনস্থার অভিযোগের পর, কাঠগড়ায় দাঁড় করানো হয় স্বামী প্রবাহকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যক্তিগত জীবনে বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগেই মুখ খুলেছেন দেবলীনা নন্দী। এদিন স্বামী প্রবাহের সঙ্গে আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন নিজের ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করতে গিয়ে চরম অপমানের শিকার হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে গায়িকা অভিযোগ করেছেন, পুলিসিউপস্থিতিতেও তাঁকে যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
সম্প্রতি নিজের জিনিসপত্র নেওয়ার জন্য স্বামীর বাড়িতে যান দেবলীনা। গায়িকার অভিযোগ, সেখানে যাওয়ার পর তাঁকে রীতিমতো হেনস্থা করা হয়। পরিস্থিতি এতটাই চরমে ওঠে যে, দেবলীনা জানিয়েছেন, তাঁকে এমনকী অন্তর্বাস খুলেও দেখাতে হয়েছে যে তিনি কোনো জিনিস লুকিয়ে নিয়ে যাচ্ছেন কি না। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন গায়িকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, একজন মহিলার পক্ষে এই অভিজ্ঞতা কতটা যন্ত্রণাদায়ক ও অপমানজনক হতে পারে, তা ভাবলেই শিউরে উঠতে হয়।
পুলিসের উপস্থিতিতেও হেনস্থা!
দেবলীনার দাবি, পুলিসের উপস্থিতিতেই এই ধরণের অপমানজনক আচরণের শিকার হতে হয় তাঁকে। স্বামী প্রবাহের পরিবারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্কের শেষে আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, ছোটখাটো ব্যক্তিগত জিনিসের অধিকারটুকুও তাঁকে পেতে হচ্ছে লড়াই করে। আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন এই ধরণের ঘটনা গায়িকার ব্যক্তিগত জীবনে নানা চড়াই উতড়াই সামনে আসছে।
সোশ্যাল মিডিয়ায় গায়িকার ক্ষোভ
নিজের সোশ্যাল হ্যান্ডেলে দেবলীনা বলেছেন, তিনি কেবল নিজের জিনিসপত্র নিতে চেয়েছিলেন, কিন্তু বদলে পেয়েছেন চরম লাঞ্ছনা। তাঁর এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বড় অংশই গায়িকার পাশে দাঁড়িয়ে তাঁর প্রতি হওয়া এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। বিচ্ছেদের পথে হাঁটতে গিয়ে একজন মানুষকে এত নিচে নামতে হতে পারে, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
স্বামীর পাল্টা দাবি: “সব নাটক, সহানুভূতি পাওয়ার চেষ্টা”
গায়িকা দেবলীনা নন্দীর এই বিস্ফোরক অভিযোগের পর আর চুপ থাকেননি তাঁর স্বামী, পেশায় পাইলট প্রবাহ নন্দী। সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি একে নাটক’ ও ‘সহানুভূতি পাওয়ার চেষ্টা’ বলে উড়িয়ে দিয়েছেন। প্রবাহের দাবি, ওইদিন আদালতের নির্দেশ মেনেই ভিডিয়োগ্রাফি করে দেবলীনাকে তাঁর জিনিসপত্র নিয়ে যেতে বলা হয়েছিল এবং সেখানে কোনো অভব্য আচরণ করা হয়নি।
প্রবাহ আরও জানান, দেবলীনার এই মানসিকতার জন্যই বিয়ের মাত্র কয়েকদিনের মধ্যে তাঁদের সংসার ভেঙে যায় এবং তাঁরা এখন আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন। তিলকে তাল করে দেবলীনা সমাজমাধ্যমে মিথ্যা রটাচ্ছেন বলেও পাল্টা তোপ দেগেছেন তাঁর স্বামী।বর্তমানে গায়িকা দেবলীনা নন্দী এবং তাঁর স্বামী প্রবাহের এই ঘটনা টলিপাড়ায় আলোচনার শীর্ষে। বিচ্ছেদ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে এবং এরপর আইনত কোন পথে এগোবেন গায়িকা, তা এখন দেখার বিষয়। তবে এই ঘটনা যে নারীদের আত্মসম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে এক বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে, তা বলাই বাহুল্য।
(Feed Source: zeenews.com)
