যতদূর চোখ যায় পর পর গাড়ি দাঁড়িয়ে, লাদাখে ভিড় করেছেন কত মানুষ? যানজটের ভিডিও ভাইরাল

যতদূর চোখ যায় পর পর গাড়ি দাঁড়িয়ে, লাদাখে ভিড় করেছেন কত মানুষ? যানজটের ভিডিও ভাইরাল

 

নয়াদিল্লি: ধূ ধূ প্রান্তরে জনমানুষের দেখা নেই। সরু রাস্তায় শুধু সারি সারি গাড়ি দাঁড়িয়ে। দেশের কোনও জাতীয় সড়ক নয়, লাদাখের নুব্রা-প্যাংগং রুটে এমনই পরিস্থিতি। দলে দলে মানুষজন লাদাখে ভিড় করছেন। সেই জন্যই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, দীর্ঘ ক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকছে বলে জানা গিয়েছে।  (Ladakh Traffic Jam)

সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে ধূ ধূ প্রান্তরের মধ্যে দিয়ে যে রাস্তা এগিয়েছে, তার উপর যতদূর চোখ যায়, পর পর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তীব্র যানজটের জেরেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে খবর। সমুদ্রপৃষ্ঠ থেকে অত উঁচুতে এমন তীব্র যানজট দেখে, আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। (Viral Video)

নুব্রা-প্যাংগং রুট পর্যটকদের মধ্যে বরাবরই জনপ্রিয়। চড়াই-উতরাই পেরিয়ে অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে ঢল নামে সেখানে। তবে গত কয়েক বছরে সেখানে বড় বড় বাড়ির আনাগোনা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। বিশেষ করে, পর্যটকদের আনাগোনা যখন বেশি থাকে, একেবারে গায়ে গায়ে দাঁড়িয়ে থাকে গাড়িগুলি।  গন্তব্যে পৌঁছতে অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ।

যানজটের জেরে শুধুমাত্র পর্যটক, গাড়ির চালকরাই হতোদ্যম হয়ে পড়েন না, গাড়ির পারফরম্যান্সের উপরও প্রভাব পড়ে। বন্ধুর পরিবেশে  ধীরগতিতে এগোতে হলে  ইঞ্জিন বেশি গরম হয়ে যায়। বিশেষ করে যে সমস্ত গাড়ি অত উঁচুতে ওঠার উপযুক্ত নয়, সেগুলির ক্ষতি হয় বেশি। ম্যানুয়াল গাড়ি বা মোটরসাইকেল বার বার যাত্রাপথে বাধা পেলে ক্লাচ বেশি ক্ষয়ে যায়। অটমেটিক গাড়ির ক্ষেত্রে ট্রান্সমিশন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, বিশেষ করে ড্রাই ক্লাচ সম্বলিত ডিসিটি-র ক্ষেত্রে।

এমন পরিস্থিতিতে চালকরা ক্লান্ত হয়ে পড়েন। তাঁদের পক্ষে দীর্ঘ পথ পাড়ি দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জ্বালানির কার্যকারিতার উপরও এর প্রভাব পড়ে। দীর্ঘ যানজটের ক্ষেত্রে জ্বালানি খরচও হয় বেশি। লাদাখে কিছু দূর অন্তর অন্তর পেট্রোল পাম্প নেই। ফলে মাঝরাস্তায় তেল ফুরিয়ে গেলে বিপদে পড়তে হয়। এমন পরিস্থিতিতে গাড়িতে অতিরিক্ত জ্বালানি মজুত রাখার পাশাপাশি, নির্ধারিত সময়ের আগে বেরনোর পরামর্শ দেন অনেকেই।