)
Lord Ram statue in Bangladesh: এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া তৈরি দেশের সংখ্যালঘু মহলে। সমালোচকদের অভিযোগ,এই প্রকল্পটির বিরোধিতাকারী ইসলামপন্থী দলগুলোর চাপের মুখে পড়েই স্থগিতাদেশ দিয়েছে সরকার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাইবান্দা জেলার পলাসবাড়ি উপেলায় তৈরি হচ্ছিল বিশ্বের সবচেয়ে বড় রামের মূর্তি। শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি মন্দির প্রাঙ্গণে প্রায় ৮১ ফুট দীর্ঘ ওই রামের মূর্তি নির্মাণের কাজ বন্ধ করে দিল বাংলাদেশ সরকার। এমনটাই স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ওই ঘোষণা করেন মন্দিরের পরামর্শদাতা শ্যামল কুমার মহন্ত।
উল্লেখ্য, রামমূর্তি নির্মাণের কাজ অনেকাংশেই শেষ হয়ে এসেছিল। তার মধ্যেই দেশে কট্টরপন্থীদের আপত্তিতে বন্ধ হয়ে গেল নির্মাণকাজ। মন্দির নির্মাণের টাকা কোথা থেকে এল তা নিয়ে চাপ সৃষ্টি করছে বিভিন্ন সংগঠন। তবে প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে রাম মূর্তি নির্মাণ বন্ধ করতে কোনও চাপ আসেনি।
এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া তৈরি দেশের সংখ্যালঘু মহলে। সমালোচকদের অভিযোগ,এই প্রকল্পটির বিরোধিতাকারী ইসলামপন্থী দলগুলোর চাপের মুখে পড়েই স্থগিতাদেশ দিয়েছে সরকার। নির্বাসিত বাংলাদেশি লেখিকা ও মানবাধিকার কর্মী তসলিমা নাসরিন রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে তৈরি হওয়া হুমকি, উসকানি এবং বিদ্বেষপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যে দেশে কয়েক লাখ মসজিদ রয়েছে এবং প্রতিনিয়ত নতুন নতুন মসজিদ তৈরি হচ্ছে, সেখানে মাত্র একটি হিন্দু উপাসনালয়কে কেন এভাবে নিশানা বা লক্ষ্যবস্তু করা হচ্ছে?
এক্স হ্যান্ডেলে তসলিমা নাসরিন বলেন: “বাংলাদেশে কয়েক লাখ মসজিদ রয়েছে এবং দেশজুড়ে প্রতিনিয়ত নতুন নতুন মসজিদ তৈরি হচ্ছে। তাহলে একটিমাত্র রাম মন্দির বা শ্রীরামের মূর্তি নির্মাণের বিরুদ্ধে এত বিরোধিতা কেন? ধর্মীয় স্বাধীনতা যদি সত্যিই সবার জন্য হয়ে থাকে, তবে তা কেবল সংখ্যাগরিষ্ঠদের জন্য নয়, সংখ্যালঘুদের জন্যও সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।”

তিনি আরও বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে বর্তমানে নির্মাণাধীন রাম মন্দিরটির বিরুদ্ধে যে হুমকি, উসকানি এবং ঘৃণ্য বক্তব্য দেওয়া হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কেবল অপছন্দ করার কারণেই অন্য কোনো সম্প্রদায়ের উপাসনালয় ভেঙে ফেলার অধিকার তৈরি হয়ে যায় না। আইনের শাসন আছে এমন একটি রাষ্ট্রে, ধর্মীয় মতবিরোধ কখনোই সহিংসতা বা বর্বরতার মাধ্যমে সমাধান করা যায় না।
(Feed Source: zeenews.com)
