মুসাম্বি টক হলে মুখ ‘বাংলার পাঁচ’, না খেয়েই কীভাবে বুঝবেন মুসাম্বি লেবু টক না মিষ্টি? রইল মোক্ষম উপায়

মুসাম্বি টক হলে মুখ ‘বাংলার পাঁচ’, না খেয়েই কীভাবে বুঝবেন মুসাম্বি লেবু টক না মিষ্টি? রইল মোক্ষম উপায়

Tips & Tricks: মুসাম্বি টক হলে খাওয়া যায় না! এদিকে বাজারে তো আর খেয়ে দেখা সম্ভব নয়। কাজেই অনেকেই আন্দাজেই কিনে আনেন মুসাম্বি লেবু, তার পর বাড়িতে কাটার পর যেই না মুখে তুলেছেন, অমনি মাথা বোঁ বোঁ… উফফ সে কী টক! কিন্তু জানেন কি, মুসাম্বি দেখেই বোঝা যায় টক না মিষ্টি! কীভাবে? জেনে নিন সেই সহজ উপায়

বছরভর যে ফলগুলি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হল মুসাম্বি। আট থেকে আশির পছন্দের তালিকায় এই ফল। অনেক বাড়িতে সকাল শুরুই হয় মুসাম্বির রস দিয়ে। এই ফল শরীরের জন্য অত্যন্ত ভাল। কিন্তু সমস্যা হল,অনেকেই না বুঝে টক মুসাম্বি কিনে আনেন। সেই মুসাম্বি মুখেই তোলা যায় না! জেনে নিন কীভাবে না খেয়েই বুঝবেন মুসাম্বি টক না মিষ্টি?
মুসাম্বি লেবুর উপকারিতা অঢেল। এই লেবুতে প্রচুর পরিমাণ ফ্লাভোনোইড থাকে যা হজম ক্ষমতা বাড়ায়। মুসাম্বি ভিটামিন সি-এ ভরপুর। আমাদের শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখে ভিটামিন সি, হার্টও ভাল রাখে। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
মুসাম্বির ফলিক অ্যাসিড শরীরের পেশি ও হাড়ে শক্তি জোগায়। আর্থরাইটিসের মতো সমস্যা দূরে রাখে। ত্বকের জন্যও খুব উপকারী এই লেবু। রোজ মুসাম্বির রস খেলে বা মুখে মাখলে ত্বকের মৃত কোষগুলি পরিষ্কার হয়ে যায়, ত্বক উজ্জ্বল হয়। জেনে নিন, কীভাবে বোঝা যায় মুসাম্বি লেবু টক না মিষ্টি–
যদি দেখেন মুসাম্বি লেবুর রং গাঢ় সবুজ বা ফ্যাকাশে, তা হলে সেটা পুরোপুরি পাকেনি। সেই মুসাম্বি খুব একটা মিষ্টি হবে না। গাঢ় বা উজ্জ্বল হলুদ রঙের লেবু সাধারণত পুরোপুরি পাকা ও মিষ্টি হয়।
পাকা এবং রসাল লেবুর ত্বক খসখসে বা খুব পুরু হয় না। খোসা মসৃণ এবং পাতলা হয়। পাকা লেবুর ভিতরে রসের পরিমাণ বেশি থাকে। মিষ্টি মুসাম্বি লেবু থেকে হাল্কা মিষ্টি গন্ধ বার হয়। তাই কেনার সময় লেবু শুঁকে নিন।
হাতে নিয়ে ওজন পরখ করুন। সাইজের তুলনায় যে লেবুটি ভারী মনে হবে, বুঝতে হবে সেটি রসে টইটম্বুর এবং মিষ্টি। মিষ্টি মুসাম্বি লেবু ধরে ভারী লাগে। যদি দেখেন মুসাম্বি লেবু হাল্কা, তাহলে বুঝবেন পুরোপুরি পাকেনি। পাকা মুসাম্বি লেবু নরম হয়, হালকা চাপ দিলেই বোঝা যায়।
মুসাম্বি লেবুর নীচের দিকে একটি ছোট গোল বৃত্তাকার দাগ থাকে। এই বৃত্ত বা রিংটি যত বড় এবং স্পষ্ট হবে, লেবুটি তত বেশি মিষ্টি ও পাকা। লেবুটি আলতো করে চাপুন। যদি নরম এবং স্পঞ্জের মতো হয়, তবে বুঝবেন এটি পাকা এবং মিষ্টি লেবু। যদি খুব শক্ত মনে হয়, তবে সেটি কাঁচা ও টক।
একদম নিখুঁত বা চকচকে লেবুর চেয়ে ত্বকে সামান্য বাদামী রঙের ছোপ থাকা লেবু অনেক সময় বেশি মিষ্টি হয়। এর অর্থ ফলটি গাছে বেশি সময় ধরে পাকার সুযোগ পেয়েছে। লেবুর বোঁটার চারপাশের অংশটি যদি সামান্য বসে যাওয়া বা চ্যাপ্টা দেখায়, তবে বুঝতে হবে ফলটি পুরোপুরি পেকেছে। বোঁটার চারপাশ উঁচু বা খাড়া থাকলে সেটি সাধারণত কাঁচা হয়।
(Feed Source: news18.com)