
West Bengal Job Recruitment News: রাজ্যে ১ লক্ষ সরকারি চাকরির ঘোষণা, ৫০ হাজার শিক্ষক ও ২০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা।
বিগত সরকারের আমলে সরকারি চাকরির প্রতিটি ক্ষেত্রেই প্রায় দুর্নীতির লক্ষ লক্ষ অভিযোগ সামনে এসেছে। চাকরি চুরি থেকে অযোগ্যদের কোটি কোটি টাকায় চাকরি বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছেন বহু নেতা-মন্ত্রী। বাংলায় চাকরির বাজারে এমন মন্দা পরিস্থিতিতে রাজ্যে এক লক্ষ সরকারি চাকরির ঘোষণা হয়েছে সোমবার।
রাজ্যে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানেই এক লক্ষ সরকারি চাকরির কথা জানানো হয়। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ইতিমধ্যে ৫ বছর ছাড় দেওয়া হয়েছে। বয়সের ঊর্ধ্বসীমায় এই ছাড়ের সুবিধা পরবর্তী দু’বছরের জন্য বহাল থাকবে।
শুরুতেই অর্থমন্ত্রী বড় ঘোষণা করে বলেন, ‘রাজ্য সরকারি অফিসগুলিতে ১ লক্ষ শূন্যপদ পূরণ করা হবে, যার ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলির মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগ, ৫০ হাজার শিক্ষক, শিক্ষাকর্মী যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।’
এদিন তিনি আরও বলেন, ‘সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে UPSC-র ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য়ে আনা হবে।’ রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষায় জনসাধারণের আস্থা ফেরাতে সরকার বিশেষ ভাবে উদ্যোগী হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
রাজ্যের অর্থ দফতরের অডিট শাখার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ এ চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ৪১ বছর করা হয়েছে। তবে এ-ও বলা হয়েছে, গ্রুপ এ-র কোনও চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা আগে থেকেই ৪১ বছরের বেশি থাকলে, তাতে কোনও বদল হবে না। গ্রুপ বি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ৪৪ বছর করা হয়েছে।
গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি পেয়ে হল ৪৫ বছর। ১১ মে থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়। এ বার শুভেন্দু অধিকারীর সরকার জানাল, আগামী দু’বছর এই নিয়ম কার্যকর থাকবে। সোমবারের বাজেটে আরও ঘোষণা হয়েছে যে, সরকারি এবং সরকার পোষিত কলেজের যে পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এককালীন ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। এ জন্য বাজেটে ৩০ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। (রিপোর্টার– সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
(Feed Source: news18.com)
