জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপনি যদি এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার ব্যবহারকারী হন, তবে এই কাজটি দ্রুত সেরে ফেলুন, না হলে আপনার বাড়িতে গ্যাস সিলিন্ডার আসা বন্ধ হয়ে যেতে পারে। কেন্দ্র সরকারের নির্দেশ মেনে গ্যাস কোম্পানিগুলি সমস্ত গ্রাহকদের জন্য ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া বাধ্যতামূলক করেছে।
গ্যাস সিলিন্ডারের কালোবাজারি রুখতে এবং আসল গ্রাহক সঠিক মূল্যে বা ভর্তুকিতে গ্যাস পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে গ্যাস বুকিং বা ডেলিভারি আটকে যেতে পারে। আগামী কয়েক ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে আপনার গ্যাস সরবরাহ। নির্ধারিত ৯০ দিনের সময়সীমা সোমবার ২২ জুন শেষ হচ্ছে।
কারা এই বায়োমেট্রিক যাচাই করবেন?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) সুবিধাভোগীদের জন্য এটি অত্যন্ত জরুরি। উজ্জ্বলা যোজনা ছাড়াও সমস্ত সাধারণ বা বাণিজ্যিক এলপিজি গ্রাহকদেরও এই কেওয়াইসি আপডেট করতে হবে।
আপনার এলপিজি গ্যাস ডিলারের অফিসে গিয়ে আধার কার্ড এবং আধার-সংযুক্ত মোবাইল নম্বর দিয়ে বায়োমেট্রিক (আঙুলের ছাপ বা চোখের মণি স্ক্যান) যাচাই করে নিতে পারেন। ইন্ডিয়ান অয়েল, ভারত গ্যাস বা এইচপি গ্যাসের নিজস্ব অফিসিয়াল মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমেও ঘরে বসে ফেস-রিকগনিশন (মুখমণ্ডলের ছবি যাচাই) প্রযুক্তির সাহায্যে ই-কেওয়াইসি করা সম্ভব। আপনার গ্যাস সংযোগটি সচল রাখতে এবং যেকোনো ধরণের ঝামেলা এড়াতে আজই আপনার গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন অথবা তাদের অনলাইন অ্যাপের মাধ্যমে কেওয়াইসি স্ট্যাটাস চেক করে নিন।
(Feed Source: zeenews.com)