‘আমাদের হ্যাঁ বলাকে চুরির জায়গায় নিয়ে যাবেন না,’ হাসপাতালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সঙ্ঘশ্রীর

‘আমাদের হ্যাঁ বলাকে চুরির জায়গায় নিয়ে যাবেন না,’ হাসপাতালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সঙ্ঘশ্রীর

 

কেপিসি হাসপাতালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা। পরিবারের মানুষের অসুস্থতার সুযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তার অপব্যবহার করেন বলে তাঁর অভিযোগ। অযথা বিলের পাহাড় এবং সেই সম্পর্কে জানতে চাইলে জোটে দুর্ব্যবহার। এমনকী সঠিক রোগ না বলতে পারার অভিযোগও করেন তিনি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক হাসপাতালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা। অভিযোগ, শ্বশুরমশাইকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে ভয়ংকর হেনস্থার শিকার তাঁর পরিবার। অভিনেত্রীর কথায়, ১৮ জুন কেপিসিতে ভর্তি করেন তাঁর নবতিপর বাবাকে। চিকিৎসার নামে বিলের বোঝা বাড়িয়ে যাচ্ছে বলেই দাবি।

এদিন সোশ্যাল মিডিয়ায় সঙ্ঘশ্রী বলেন, শ্বশুরমশাই নেভিতে চাকরি করতেন ফলে তাঁর যাবতীয় চিকিৎসা আর্মি হাসপাতালেই হত। কিন্তু সঙ্ঘশ্রী এবং তার স্বামীর সুবিধার জন্য এবারে তারা কেপিসিতে ভর্তি করান। তারপর থেকেই যত সমস্যা তৈরি হয়। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অভিনেত্রীর শ্বশুরের কার্সিনোমা পাওয়া গিয়েছে, টেস্ট করাতেও চায় হাসপাতাল। পরিবার মানা করতেই সেই রোগ নাকি পাল্টে হয়ে যায়, জানানো হয় নিউমোনিয়া হয়েছে। এমনকী টিউবরকিউলসিসের মতো রোগের সন্দেহও করা হয়। অথচ নিশ্চিত করে বলছে না কী রোগ হয়েছে।

তাঁর আরও দাবি, প্রতিদিন অযথা মাউথ ওয়াশ, এডি অয়েল, স্যানিটাইজার, তুলো, মলি শিট এবং ডাইপার -এসব বার বার করে বিল করা হয়েছে। জিজ্ঞেস করা সত্ত্বেও কোনও জবাব মেলেনি। কেন লাগছে এত মিসলেনিয়াস? ডাক্তার বলছে ম্যানেজমেন্ট জানে, নার্স বলছে ডাক্তার জানে, মেডিসিন স্টোর বলছে এসব আমাদের জানার কথা নয়। অভিনেত্রীর বক্তব্য, তাহলে জানেনটা কে?

এমনকী জুনিয়র ডাক্তারদের উপরও ক্ষোভ উগরে দিয়েছেন সঙ্ঘশ্রী। তাদের ডাক্তার বলে সম্মোধন না করলে তারা নাকি উত্তর দেন না। কোনও সময় বেখেয়ালে ‘শুনছেন’ বললে তারা কথাও বলেন না। অভিনেত্রীর কথায়, ওষুধপত্র দিচ্ছে কি না তা হয়তো তিনি বুঝছেন না কিন্তু মাউথ ওয়াশ, এডি অয়েল, স্যানিটাইজার, তুলো- এসব যে বিল বাড়ানোর অজুহাতেই নেওয়া হচ্ছে তা তাঁর কাছে পরিস্কার। তাঁর স্পষ্ট বক্তব্য, রোগীর পরিবারের লোকজন এমনিতেই মানসিকভাবে দুর্বল থাকেন, সমস্ত পরিস্থিতিতে হাসপাতালকে তারা হ্য়াঁ বলতে বাধ্য। ‘তাই বলে আমাদের হ্যাঁ বলাকে চুরির জায়গায় নিয়ে যাবেন না।’

হাসপাতালের এই অব্যবস্থার বিরুদ্ধে প্রশাসনকে নজর দিতে অনুরোধ করেছেন অভিনেত্রী। পোস্টে তিনি অগ্নিমিত্রা পাল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অফিসিয়াল পেজকে ট্যাগও করেছেন।

(Feed Source: zeenews.com)