Anupam Kher: ছাব্বিশ বছর পর আবারও বাংলা চলচ্চিত্র প্রযোজনার ময়দানে পা রাখছেন বলিউডের প্রবীণ অভিনেতা ও প্রযোজক অনুপম খের। কাজের সূত্রেই আজ, শুক্রবার তিলোত্তমায় হাজির হয়েছেন তিনি। রাজ্যে পালাবদলের পর প্রথমবার কলকাতায় পা রেখেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা।
বাংলায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অনুপম খেরের
কলকাতা: বলিউডের প্রবীণ জনপ্রিয় অভিনেতা অনুপম খের ২৬ বছর পর বাংলা চলচ্চিত্রে ফিরছেন৷ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে অনুপম খের নাম আগেও জড়িয়েছিল৷ বলি অভিনেতাকে সর্বশেষ ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। অনুপম খেরের সংস্থা ‘অনুপম খের স্টুডিওস’ ফ্রেন্ডস কমিউনিকেশনস এবং প্রযোজক ফিরদৌসুল হাসানের সঙ্গে যৌথভাবে একটি নতুন বাংলা চলচ্চিত্র নির্মাণ করছে। ছবিটির নাম ‘শুরু থেকে শুরু’।
এদিন কলকাতায় ময়দানে এসে পিডব্লিউডি টেন্টে এসে অভিনেতা প্রযোজক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রযোজক অনুপম খেরকে আশ্বাস দিয়েছেন বাংলায় স্বাধীনভাবে মন খুলে কাজ করার। পরিবর্তিত বাংলায় এসে এক নতুন অনুভূতি অনুপম খেরের।
শুক্রবার নিজের নতুন ছবি ‘শুরু থেকে শুরু’ এর প্রযোজনার কাজে শহরে এসেছেন অনুপম খের। কাজের সূত্রে কলকাতায় এসেই তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। পরিবর্তিত বাংলায় নতুনভাবে কাজ শুরু করতে চাইছেন অনুপম। ২৬ বছর আগে ‘বাড়িওয়ালি’ ছবির প্রযোজনা করেছিলেন তিনি। তারপর বাংলার পরিস্থিতি ছবি তৈরির জন্য অনুকূল মনে হয়নি তাঁর। তবে বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চলচ্চিত্র শিল্পের পরিবেশ বদলেছে। তাই আবারও অনুপম খেরের মত প্রযোজকরা আসছেন ছবি তৈরি করতে।
কলকাতায় ফ্রেন্ডস কমিউনিকেশন এর সঙ্গে যৌথভাবে নতুন ছবি প্রযোজনা করতে চলেছেন অনুপম খের স্টুডিও। শ্যুটিং শুরু হবে পুজোর আগে। সব রকম সহযোগিতা করবে রাজ্য সরকার আশ্বাস দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। অনুপম খের জানান যে, ২৬ বছর আগে তিনি প্রখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে ‘বাড়িওয়ালি’ নামে একটি বাংলা ছবিতে কাজ করেছিলেন। তিনি এই নতুন ছবিটিও সেই একই জায়গা থেকে শুরু করছেন। তিনি শুধু ছবিই বানাচ্ছেন না, বাংলায় একটি অভিনয় স্কুলও খুলতে চান। বাংলার মুখ্যমন্ত্রীও এই নতুন প্রকল্পের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। অনুপম খের বলেছেন যে মুখ্যমন্ত্রী বাংলার সিনেমাকে এক নতুন স্তরে নিয়ে যেতে চান এবং এই প্রচেষ্টায় সকলের সহযোগিতা প্রয়োজন।
৭১ বছর বয়সি অনুপম খের বাংলার শিল্প ও সংস্কৃতির প্রশংসা করে বলেন, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের মতো মহান ব্যক্তিত্বদের কাছ থেকে সঙ্গীত ও চলচ্চিত্র সম্পর্কে অনেক কিছু শিখেছেন। অনুপম খের ২৬ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘বাড়িওয়ালি’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন। ছবিটিতে তাঁর স্ত্রী কিরণ খের প্রধান চরিত্রে অভিনয় করেন এবং তাঁর অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
(Feed Source: news18.com)