)
Rupali Rai Bhattacharya: নিজের এলাকা পাটুলির রাস্তায় হেনস্থা, শারীরিক আক্রমণ ও ইভটিজিংয়ের শিকার হয়েছেন তিনি৷ তবে একদিন নয়, পরপর ২ দিন এমন ঘটেছে তাঁর সঙ্গে৷ ফেসবুক পেজে নিজের ভয়ানক ঘটনার কথা শেয়ার করেছেন৷
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের বাড়ির এলাকাতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী রূপালী ভট্টাচার্য। কিন্তু চুপ করে মুখ বুজে অন্যায় সহ্য করা তার সহজাত নয়, বরং বরাবরই কোনও অন্যায় দেখলে তা জোর গলায় প্রতিবাদ করেন। পাটুলি এলাকায় রাতে হাঁটতে বেরিয়ে মারাত্মক হেনস্থার শিকার হলেন রূপা। রূপালীর অভিযোগ, এক অজ্ঞাতপরিচয় সাইকেল আরোহী যুবক প্রকাশ্য রাস্তায় তাঁর শ্লীলতাহানি করেছে। এই নিয়ে ইতিমধ্যেই পাটুলি থানার দ্বারস্থ হয়েছেন তিনি।
অভিনেত্রী জানান, গত চার বছর ধরে তিনি পাটুলির বাসিন্দা। শরীর সচেতনতার কারণে তিনি নিয়ম করে রাতে হাঁটতে বের হন। প্রতিদিনের মতো গত বুধবারেও তিনি হাঁটছিলেন। রূপালী বলেন, “হাঁটার সময় হঠাৎ খেয়াল করলাম একটা ছেলে আমার গা ঘেঁষে সাইকেল চালিয়ে চলে গেল। প্রথমে খুব একটা গুরুত্ব দিইনি। কিন্তু একটু এগোতেই বুঝলাম ছেলেটি সাইকেল ঘুরিয়ে আবার আমার দিকেই আসছে। এরপর কিছু বুঝে ওঠার আগেই আচমকা আমার বুকের ডান দিকটা খামচে ধরে!”
হঠাৎ এই আক্রমণে হকচকিয়ে গেলেও নিজের রিফ্লেক্সে ডান হাত দিয়ে ছেলেটিকে ধাক্কা মারেন রূপালী। সেই ধাক্কায় ছেলেটি পড়ে না গেলেও, ধস্তাধস্তিতে অভিনেত্রীর হাত কেটে যায় অনেকটা। অপরাধী এতটাই চতুর ছিল যে, রূপালী চিৎকার শুরু করার আগেই ঝড়ের গতিতে সাইকেল নিয়ে চম্পট দেয়। ঘটনার পরপরই পাটুলি থানায় গিয়ে লিখিত এফআইআর (FIR) দায়ের করেন অভিনেত্রী। পুলিসও দ্রুত ব্যবস্থা নিয়ে অভিনেত্রীকে সঙ্গে করে ঘটনাস্থল পরিদর্শনে যায়।
“পালাবদলের সুযোগ নিচ্ছে অপরাধীরা”
এই ঘটনার পেছনে কোনও রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে মুখ খুলেছেন রূপালী। তাঁর মতে, এর পেছনে সরাসরি কোনো রাজনীতি নেই, তবে প্রশাসনিক ও রাজনৈতিক পালাবদলের ডামাডোলের সুযোগ নিচ্ছে অপরাধীরা। রাজ্যে নতুন সরকার আসার পর পাটুলির চেনা পরিবেশ নাকি অনেকটাই বদলে গিয়েছে।
অভিনেত্রীর কথায়, “নতুন সরকার আসার পর এখনও সবটা থিতু হয়নি। পাটুলিতে ইদানীং জনসমাগম কমে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের আগের অফিসগুলো এখন বন্ধ এবং এলাকাগুলো অন্ধকারে ডুবে থাকে। চেনা ছাপোষা বাঙালি পরিবেশটা যেন বদলে গিয়েছে। আর অপরাধীরা সবসময় এই ধরণের অন্ধকার ও ফাঁকা জায়গার সুযোগ নেয়।”
দুই দিন পর ফের হেনস্থা!
তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২৬ জুন, শুক্রবারও একই ধরণের হেনস্থার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। তবে বারবার একই হেনস্থার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। দ্বিতীয়বার আর পুলিসের কাছে যাননি রূপালী। তীব্র হতাশা নিয়ে তিনি বলেন, “কতবার আর পুলিসের দ্বারস্থ হব? কতবার একই অভিযোগ করব?” তবে রূপালীর আশা, পুলিস প্রশাসন দ্রুত কোনও কড়া পদক্ষেপ করবে যাতে আর মেয়েদোর এভাবে রাস্তায় বের হয়ে আতঙ্কে দিন কাটাতে না হয়।
(Feed Source: zeenews.com)
