)
Kangana Vir: ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রিভলবার রানি’তে কমেডিয়ান বীর দাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন কঙ্গনা। সেখানে ছিল একটি ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্য। সিনেমা মুক্তির কয়েক বছর পর এক বিশিষ্ট সাংবাদিক সেই দৃশ্য নিয়ে এমন এক দাবি করেন যা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের নাম জড়াবে আর সেখানে কোনও বিতর্ক থাকবে না, তা কী করে হয়! সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয় এক বিস্ফোরক দাবি। বল, ২০১৪ সালের ‘রিভলভার রানি’ সিনেমার শ্যুটিং চলাকালীন কঙ্গনা নাকি অভিনেতা বীর দাসকে চুমু খেতে গিয়ে তাঁর ঠোঁট কামড়ে রক্তাক্ত করে দিয়েছিলেন! এই নিয়ে যখন সমাজমাধ্যমে হইচই তুঙ্গে, তখনই নীরবতা ভাঙলেন খোদ বীর দাস। স্পষ্ট জানিয়ে দিলেন, এই গল্প আদতে ‘পিওর ফিকশন’।
সম্প্রতি সিদ্ধার্থ কাননের পডকাস্টে এসে প্রবীণ সাংবাদিক দাবি করেন, ‘রিভলভার রানি’র একটি দৃশ্যে কঙ্গনা ও বীর দাসের একটি প্যাশনেট কিসিং সিন ছিল। কিন্তু ডিরেক্টর ‘কাট’ বলার পরেও নাকি কঙ্গনা থামেননি। তিনি এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে বীর দাসের ঠোঁট কেটে রক্ত বের করে দেন। এই দাবির পরই এক নেটিজেন এক্স হ্যান্ডেলে বীর দাসকে ট্যাগ করে জিজ্ঞেস করেন, “বীর দাস তো সবসময় স্পষ্ট কথা বলার জন্য পরিচিত, তাহলে এই বিষয়ে তিনি চুপ কেন? সাংবাদিক কি সত্যি বলছেন?”
কঙ্গনার পাশে দাঁড়িয়ে কী বললেন বীর?
নেটিজেনের এই প্রশ্নের জবাবে বীর দাস কঙ্গনার পেশাদারিত্বের প্রশংসা করে লেখেন, “যাতে সবার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায়, তাই বলছি— এই গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। শ্যুটিং সেটে কঙ্গনা অত্যন্ত প্রফেশনাল ছিলেন এবং আমি এখনও বিশ্বাস করি তিনি একজন অত্যন্ত প্রতিভাবান শিল্পী। তাঁর নামে এই ধরণের অপবাদ দেওয়া অনুচিত।”
তবে নিজের চেনা রসিকতার মেজাজে বীর আরও যোগ করেন, “অবশ্যই, কয়েক বছর পর আমার কমেডির জন্য ও আমাকে সন্ত্রাসী বলেছিলেন, কিন্তু সেটে… কোনো সমস্যাই ছিল না।”
কঙ্গনাও দিয়েছিলেন মোক্ষম জবাব
এই প্রথম নয়, ২০২৩ সালেও এই একই গুজব ভাইরাল হয়েছিল। তখন কঙ্গনা রানাওয়াত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে হাসির ইমোজি দিয়ে লিখেছিলেন, “হৃত্বিক রোশনের পর, আমি এবার বেচারা বীর দাসের সম্মানেও আঘাত করলাম? এটা কবে হল ভাই?” বীরের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে কঙ্গনা লেখেন, “ধন্যবাদ, বীর। কিন্তু এই মহিলা কে? ইস! মনে হচ্ছে কোনও অদ্ভুত মানুষ নিজের বিকৃত যৌন কল্পনা পূরণ করতে আমাদের ব্যবহার করছে। আমি তোমার রক্ত খাচ্ছি আর তুমি এখনও এক দশক পরেও সেই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কাঁদছ। কতটা অদ্ভুত!”
ফ্লপ হয়েছিল সেই সিনেমা
২০১৪ সালের ‘রিভলভার রানি’ সিনেমায় কঙ্গনা একজন ডাকাত নেত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন এবং বীর দাস ছিলেন তাঁর প্রেমিক রোহানের ভূমিকায়। সাই কবীর শ্রীবাস্তবের পরিচালনায় প্রায় ২২ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে মাত্র ১৩ কোটি টাকা আয় করে মুখ থুবড়ে পড়েছিল। তবে সিনেমা ফ্লপ হলেও, ১০ বছর বাদে তার একটি চুমুর দৃশ্য নিয়ে যে এভাবে বলিউড পাড়া আবার গরম হয়ে উঠবে, তা বোধহয় কেউ ভাবেনি।
(Feed Source: zeenews.com)
