)
রিয়ালিটি শো-র প্যানেলিস্টদের সাথে কী চ্যাট হতো, সব স্ক্রিনশট আমার কাছে আছে!” স্বামী দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হতেই এবার কীর্তন শিল্পী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সিকে নিয়ে মারাত্মক দাবি করলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। ‘স্বামী চোর নয় ডাকাত’— মন্তব্য করে অদিতির পুরোনো ‘জেলে যাওয়ার’ হুঁশিয়ারিকেও কটাক্ষ করলেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজনীতি, গ্ল্যামার আর দুর্নীতির ককটেল যখন আদালতের চৌকাঠে আছড়ে পড়ে, তখন সব হিসেব ওলটপালট হয়ে যায়। ঠিক সেটাই দেখল বাংলা। চার মাসের একরত্তি সন্তানের মুখের দিকে তাকিয়ে কলকাতা হাইকোর্ট তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা জনপ্রিয় কীর্তন শিল্পী অদিতি মুন্সিকে আইনি রক্ষাকবচ দিলেও, তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর ভাগ্য সহায় হয়নি। আবেদন খারিজের ঠিক এক সপ্তাহের মাথায় শ্রীঘরে ঠাঁই হয়েছে রাজারহাটের বেতাজ বাদশা দেবরাজের। আর এই হাই-ভোল্টেজ গ্রেফতারির পরই ময়দানে নামলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। এবার আর শুধু বর্তমানের দুর্নীতি নয়, সরাসরি অদিতির ফ্ল্যাশব্যাকে গিয়ে বিস্ফোরক দাবি তুললেন তিনি।
‘স্ক্রিনশট সব আছে!’ রিয়েলিটি শো-র চ্যাট নিয়ে ফাঁস
২০১৫ সাল। টিভির পর্দায় এক মিষ্টি মেয়ের গলায় কীর্তন শুনে বিভোর হয়েছিল গোটা বাংলা। সেই অদিতি মুন্সি রাতারাতি তারকা হয়ে যান এবং পরবর্তীতে রাজনীতির ময়দানে পা রাখেন। কিন্তু তরুণজ্যোতির দাবি, সেই সাফল্যের নেপথ্যে এমন কিছু গল্প আছে যা প্রকাশ্যে এলে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। বিজেপি বিধায়কের বিস্ফোরক দাবি, “ওঁকে আমি নির্বাচনের সময় আক্রমণ করিনি। নাহলে উনি যখন গানের প্রতিযোগিতায় গিয়েছিলেন, তখন যাঁরা যাঁরা ওই বিচারকদের প্যানেলে ছিলেন, তাঁদের সঙ্গে ওঁর কী ধরণের চ্যাট হত— সেই সব স্ক্রিনশট আর প্রমাণ আমার কাছে আছে। চাইলে পাবলিশ করে দিতে পারতাম।” তবে এই ‘চ্যাট-বোমা’ তিনি কেন এখনই ফাটালেন না, তার সপক্ষে তরুণজ্যোতির যুক্তি, “আমি মহিলাদের সম্মান করি। ওঁর বাচ্চা রয়েছে, আমিও বাচ্চার বাবা। বাবা চোর, মা চোর— বাচ্চা কী করবে? বাচ্চাটা ভাল থাকুক, কোর্টও হয়তো সেটাই মনে করেছে।”
সাম্রাজ্যের পতন ও ‘অদিতির মৌনতা’ নিয়ে প্রশ্ন
২০১৮ সালে দেবরাজ চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অদিতি। রাজনৈতিক মহলের খবর, দমকল মন্ত্রী সুজিত বসুর হাত ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে নাম তুলতে বেশি সময় নেননি দেবরাজ। রাজারহাট-বাগুইআটি থেকে নিউটাউন— কার্যত একচ্ছত্র রাজত্ব কায়েম করেছিলেন তিনি। কিন্তু এখন যখন নিয়োগ দুর্নীতি ও আর্থিক তছরুপের অভিযোগে দেবরাজ গারদে, তখন অদিতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।
তরুণজ্যোতি তিওয়ারির সরাসরি তোপ
“দেবরাজের সম্পত্তির একটা বড় অংশ তো বউয়ের নামেই ছিল। স্ত্রী জানতেন স্বামী শুধু চোর নয়, ডাকাত। তারপরেও উনি দেবরাজের সঙ্গেই সংসার করে গেলেন?” এখানেই থামেননি বিজেপি বিধায়ক। নির্বাচনের আগে অদিতির একটি পুরোনো আবেগঘন মন্তব্য মনে করিয়ে দিয়ে তিনি খোঁচা দেন, “আগে তো বলেছিলেন— হিন্দু ধর্ম মতে বিয়ে হয়েছে, স্বামী চুরির অভিযোগে জেলে গেলে আমিও যাব। তাহলে এখন আদালতে রক্ষাকবচ চাইতে ছুটে গেলেন কেন? এখন বলুন না, আমার স্বামী গ্রেফতার হয়েছে, আমিও হব!”
তদন্তের পরবর্তী ধাপ: এবার কি মুখোমুখি জেরা?
আইনি রক্ষাকবচ পেলেও অদিতির অস্বস্তি কিন্তু এখনই কমছে না। কেন্দ্রীয় সংস্থা ও রাজ্য পুলিশের বিশেষ সূত্রের খবর, দেবরাজের বিপুল বেআইনি সম্পত্তির যে অংশটি অদিতির নামে রয়েছে, তার ট্রেল খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই তদন্তের স্বার্থে স্বামী-স্ত্রীকে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জেরা করা হতে পারে। সুরের জাদুতে মন জয় করা অদিতি এবার রাজনীতির এই জটিল চাল আর আইনি জট কীভাবে সামলান, সেটাই এখন দেখার।
(Feed Source: zeenews.com)
