Arijit Singh: জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংকে নিয়ে কিছুদিন ধরেই উদ্বিগ্ন রয়েছেন ভক্তরা৷ বহরমপুরে এক চিকিৎসকের চেম্বারে তাঁর দেখাতে আসার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চিন্তায় পড়েছিলেন ভক্তরা৷ এবার সামনে এল গায়কের নতুন ভিডিও৷ অসুস্থ খুদে ভক্তকে দেখতে জিয়াগঞ্জ থেকে কলকাতায় ছুটে এলেন অরিজিৎ সিং৷
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: হাসপাতালে ঢুকতেই উপস্থিত সকলের মধ্যে কৌতূহল তৈরি হয়। প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো নিজের শারীরিক চিকিৎসার জন্যই এসেছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয় তাঁর আসার আসল উদ্দেশ্য। তিনি সোজা হাসপাতালের একটি ওয়ার্ডে গিয়ে ভর্তি থাকা নিজের এক খুদে অনুরাগীর সঙ্গে দেখা করেন।
জানা গিয়েছে, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর শারীরিক অবস্থার খোঁজ নিতেই সেখানে পৌঁছেছিলেন অরিজিৎ। ওয়ার্ডে প্রবেশ করেই তিনি শিশুটির বেডের কাছে যান, তার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, হস্তমর্দন করেন এবং একসঙ্গে ছবিও তোলেন। প্রিয় গায়ককে সামনে পেয়ে খুদে ভক্ত ও তার পরিবারের মুখে ফুটে ওঠে হাসি।
এদিকে খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের ওয়ার্ডের বাইরে ভিড় জমাতে শুরু করেন অন্যান্য অনুরাগীরাও। অনেকেই ফুলের তোড়া নিয়ে অরিজিতের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন। তবে সবকিছুর মধ্যেও তিনি শান্ত ও স্বাভাবিকভাবেই সকলের সঙ্গে ব্যবহার করেন।
ঘটনার ভিডিও ও ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যদিও অরিজিৎ নিজে এই মুহূর্তের কোনও ছবি বা ভিডিও প্রকাশ করেননি, তবু উপস্থিত অনেকেই সেই দৃশ্য মোবাইলে পোস্ট করেন। এরপরই নেটিজেনদের প্রশংসায় ভরে যায় কমেন্ট সেকশন । কেউ লিখেছেন, “ভগবানের আর এক রূপ অরিজিৎ সিং”, আবার কেউ বলেছেন, “মানুষ হিসেবে অরিজিতের কোনও তুলনা হয় না।”
উল্লেখ্য, এর আগেও মুর্শিদাবাদের বহরমপুরে এক চিকিৎসকের চেম্বারে অরিজিতের উপস্থিতির ছবি ভাইরাল হয়েছিল। সেই সময়ও ভক্তদের ভিড়ের মাঝেও তাঁর সহজ-সরল ব্যবহার নজর কেড়েছিল। তবে এবারও চিকিৎসার জন্য নয়, বরং অসুস্থ এক খুদে ভক্তের মুখে হাসি ফোটাতে হাসপাতালে পৌঁছে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জনপ্রিয় এই গায়ক। তাঁর এই উদ্যোগে মুগ্ধ অনুরাগীরা।
(Feed Source: news18.com)

