
তবে ভাইরাল ভিডিওটি কোথাকার, এখনও পর্যন্ত কোনও তা জানা যায়নি। বা কবে তোলা হয়েছে, সে সম্পর্কেও নিশ্চিত তথ্য সামনে আসেনি। এছাড়া ভিডিও দেখে এটাও স্পষ্ট নয় যে ওই মহিলা সত্যিই বইটি পড়ছিলেন, নাকি শুধুমাত্র বইটির প্রচ্ছদই দেখা যাচ্ছিল। ফলে শুধুমাত্র বইয়ের শিরোনাম দেখে কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায় না।
আসলে ‘How to Kill Men and Get Away With It’ একটি জনপ্রিয় কাল্পনিক উপন্যাস। এটি লিখেছেন ব্রিটিশ লেখিকা ক্যাটি ব্রেন্ট। ডার্ক কমেডি, সাইকোলজিক্যাল থ্রিলার, ক্রাইম ফিকশন এবং ব্যঙ্গাত্মক ধারার এই বইটি প্রকাশের পর থেকেই তার সাহসী নাম ও গল্পের কারণে আন্তর্জাতিক স্তরে আলোচনায় উঠে আসে।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কিটি কলিন্স নামে এক তরুণী। বাইরে থেকে তিনি একজন সফল এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হলেও, তাঁর জীবনের অন্য একটি অন্ধকার দিক গল্পে উঠে এসেছে। কাহিনিতে এমন পুরুষদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে দেখা যায়, যারা নারীদের উপর নির্যাতন বা শোষণের সঙ্গে জড়িত। সেই ঘটনাগুলিকে ঘিরেই তৈরি হয়েছে থ্রিলারধর্মী কাহিনি।
তবে এই বই কোনও বাস্তব ঘটনার উপর ভিত্তি করে লেখা নয়। এটি সম্পূর্ণ কাল্পনিক একটি উপন্যাস, যেখানে অপরাধ, ব্যঙ্গ এবং সামাজিক বার্তাকে গল্পের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। বইটি কোনওভাবেই অপরাধ করতে উৎসাহ দেয় না বা বাস্তবে হত্যার কৌশল শেখায় না। তাই শুধুমাত্র বইয়ের শিরোনাম দেখে বিভ্রান্ত না হয়ে, তার প্রেক্ষাপট বোঝার পরেই মূল্যায়ন করার পরামর্শ দিচ্ছেন অনেক পাঠক ও বিশেষজ্ঞ।
(Feed Source: abplive.com)
