পারদে ঠাসা ‘ফেয়ারনেস ক্রিম’ মেখে অসুস্থ মহিলারা, কীভাবে বুঝবেন আপনার কেনা ক্রিম-সাবানে পারদ আছে কি না?

পারদে ঠাসা ‘ফেয়ারনেস ক্রিম’ মেখে অসুস্থ মহিলারা, কীভাবে বুঝবেন আপনার কেনা ক্রিম-সাবানে পারদ আছে কি না?
হঠাৎ করেই হাত-পা কাঁপছে? সারাক্ষণ অবসাদ? আপনার মুখে মাখার ক্রিমে পারদ নেই তো? হঁ্যা ঠিক ধরেছেন। বহু অসাধু ব্যবসায়ী ‘ফেয়ারনেস ক্রিম’-এর নাম করে পারদযুক্ত বিপজ্জনক প্রডাক্ট বিক্রি করে। এই পারদ ত্বক থেকে রক্তে মিশে যায়। সেখান থেকেই নানা শারীরিক জটিলতা দেখা দেয়। কীভাবে বুঝবেন, আপনার ক্রিমে পারদ আছে কি না?
ফর্সা হতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা! পাকিস্তানি থেকে আসা ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ ১৮ জন মহিলা। খবর, তাঁদের কিডনির সমস্যা দেখা দিয়েছে। এরপরেই সেই ক্রিম নিষিদ্ধ করে মহারাষ্ট্র সরকার।
পাকিস্তানের Goree (গোরী) ফেয়ারনেস ক্রিম মেখে সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরের ১৮ জন মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। তাঁদের কিডনির সমস্যা দেখা দিয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, ফেয়ারনেস ক্রিমটিতে পারদের মাত্রা অত্যন্ত বেশি, অনুমোদিত মাত্রার চেয়ে প্রায় ৭৫২ গুণ বেশি। এবার প্রশ্ন হল, আপনি যে ফেয়ারনেশ ক্রিমটি কিনছেন, তাতে পারদ আছে কি না, কীভাবে বুঝবেন?
ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের জানিয়েছে, কোনও সাবান বা ত্বকের ক্রিমে পারদ বা মার্কারি রয়েছে কি না, তা জানতে প্রথমেই পণ্যের উপাদানের তালিকা ভালভাবে পড়তে হবে। সেখানে পারদ-জাতীয় যৌগের উল্লেখ আছে কি না, তা খেয়াল করুন। পাশাপাশি, পণ্যটি কোথায় তৈরি হয়েছে, সেটাও খতিয়ে দেখে নিন।
ক্রিম বা সাবানের প্যাকেজিং-এর পিছনে যে উপাদানের তালিকা থাকে, সেটা ভালভাবে পড়ুন। ফেয়ারনেস ক্রিম এবং অ্যান্টিসেপটিক সাবানে সাধারণত বিপজ্জনক মাত্রায় পারদ থাকে। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর মতে, পণ্যের উপাদানে বা লেবেলে যদি মারকিউরাস ক্লোরাইড, ক্যালোমেল, মারকারিক, মেরকিউরিও, মারকারি– এই ৫টা উপাদানের কোনও একটাও লেখা থাকে, তবে সেটি কিনবেন না, কিনে থাকলেও ব্যবহার করবেন না।
তবে ফেয়ারনেস ক্রিমে অবৈধভাবেও পারদ ব্যবহার করা হয়, এবং সেটা উপাদানের তালিকায় উল্লেখ করা হয় না। তাই লেবেলবিহীন বা সন্দেহজনক জায়গা থেকে আমদানি করা ‘স্কিন-লাইটেনিং’ বা ‘ফেয়ারনেস ক্রিম’ ব্যবহার করবেন না। যদি অজান্তেই পারদ আছে, এমন ক্রিম ব্যবহার করে ফেলেন, তাহলে চিকিৎকের পরামর্শ নিন।
আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর সতর্কবার্তা,পারদযুক্ত পণ্য বারবার ত্বকে ব্যবহার করলে পারদ ত্বকের মাধ্যমে রক্তে শোষিত হয়। এর ফলে গুরুতর, এমনকি স্থায়ী স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে কিডনির ক্ষতি এবং স্নায়ুতন্ত্রের গুরুতর সমস্যা, যেমন হাত কাঁপা, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং ডিপ্রেশন।
(Feed Source: news18.com)