জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চক্ষু ছানাবড়া! চক্ষু চড়কগাছও বলা যায়। ফ্ল্যাট-রিসর্ট-বাংলো থেকে কেজি কেজি সোনা-রুপো! বিপুল নগদ টাকাও। পুলিসকর্তার বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৩০০ কোটির বেআইনি সম্পত্তি! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলঙ্গানায়। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে সে রাজ্যের দুর্নীতিদমন শাখা (এসিবি)। ধৃতের নাম সঙ্কিরেড্ডি ভীম রেড্ডি। তেলঙ্গানার ডেপুটি পুলিস সুপার ছিলেন তিনি।
সম্প্রতি অভিযোগ ওঠে যে, এই সঙ্কিরেড্ডির কাছে প্রচুর পরিমাণে আয়বহির্ভূত সম্পত্তি রয়েছে। এরপরই তদন্তে নামে এসিবি। সোমবার শুরু হয় তল্লাশি অভিযান। স্থাবর এবং অস্থাবর মিলিয়ে প্রায় ৩০০ কোটির সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে খবর।
এর পরই সোমবার সন্ধ্যায় হায়দরাবাদের ইব্রাহিমবাগের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এসিবি সূত্রে খবর, সঙ্কিরেড্ডির অন্তত ১৫টি ঠিকানায় তল্লাশি চালানো হয়। এছাড়াও তেলঙ্গানা এবং কর্নাটকে তাঁর বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনের বাড়িতেও তল্লাশি চলে।
ফ্ল্যাট, বাংলো, রিসর্ট, সোনা-রুপো
জানা গিয়েছে, গত ২ জুলাই থেকে ৬ জুলাই– এই চারদিন এ সংক্রান্ত তল্লাশি অভিযান চলে। অভিযুক্ত পুলিসকর্তার একটি ঠিকানা থেকে উদ্ধার হয় নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা। অন্য একটি ঠিকানা থেকে উদ্ধার হয় ৪০ লক্ষ টাকা, ২ কেজি সোনার গয়না, ২০ কেজি রুপোর গয়না এবং আরও অন্যান্য জিনিসপত্র পাওয়া গিয়েছে। এ ছাড়াও তাঁর আর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০ লক্ষ টাকার হদিশ মিলেছে বলে খবর। শুধু তাই নয়, ইব্রাহিমবাগ, মণিকোন্ডা, তেল্লাপুর থেকে উদ্ধার হয়েছেতাঁর একাধিক ফ্ল্যাট, বাংলো, রিসর্ট।
(Feed Source: zeenews.com)