National Flag: বীরভূম জেলায় তৈরি হল রাজ্যের সবথেকে বড় জাতীয় পতাকা, কোথায় উড়বে সেই পতাকা, জানুন বিস্তারিত
বীরভূম, সৌভিক রায়: আর দিন কয়েক পরেই স্বাধীনতা দিবস। আজ থেকে বহু বছর আগে ১৯৪৭ সালের এই দিনে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করেছিল। ভারতের পাশাপাশি দক্ষিণ কোরিয়া এবং বাহরিন-সহ আরও কয়েকটি দেশও ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে। আর স্বাধীনতা দিবস মানেই দেশের রাষ্ট্রীয় পতাকা নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে সর্বত্র। আর সেই কারণেই বিভিন্ন কলকারখানায় তৈরি হয়ে থাকে জাতীয় পতাকা।
আর সেই কারণেই এবার রাজ্যে সবচেয়ে বড় জাতীয় পতাকা তৈরি হল বীরভূমের সদর শহর সিউড়িতে৷ তাও সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বুননের মাধ্যমে ৩০ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া জাতীয় তেরঙা তৈরি করল পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ এবং মসলিন তীর্থ বীরভূম৷ আনুমানিক প্রায় ২২ জন শিল্পী দেড় মাস ধরে এই জাতীয় পতাকা তৈরিতে অংশ গ্রহণ করেছেন৷
