
Indian Railway Amazing Facts: প্ল্যাটফর্মের দেখা নেই, অথচ ট্রেনের চাকা থমকে যায় পুণ্যার্থীদের জন্য। আষাঢ় মাসের চতুর্থ শুক্রবারে ভিন রাজ্য থেকে আসা হাজার হাজার ভক্তদের সুবিধার্থে দুবরাজপুর ও চিনপাইয়ের মাঝে বিশেষ স্টপেজ দেয় রেল কর্তৃপক্ষ। লোকগাথা আর ধর্মীয় আবেগকে সম্মান জানাতে পূর্ব রেলের এই অভিনব পদক্ষেপের খুঁটিনাটি।
কোনও রেল স্টেশন নেই, নেই কোনও প্ল্যাটফর্ম বা চেনা সিগন্যাল পোস্ট! তা সত্ত্বেও নিয়ম মেনে লাইনের মাঝেই ঘ্যাঁচ করে দাঁড়িয়ে পড়ে আস্ত ট্রেন। এক বা দু’বার নয়, আপ ও ডাউন লাইনের একাধিক লোকাল ট্রেন সেখানে দুই মিনিট করে স্টপেজ দেয়। তবে এমনটা রোজ রোজ নয়, বছরের বিশেষ একটি দিনে রেলের পক্ষ থেকে এই অভিনব ব্যবস্থা করা হয়। রেলের সিদ্ধান্ত অনুযায়ী এই বছরও পাঁচটি লোকাল ট্রেন সেখানে দু’মিনিট করে স্টপেজ দেবে। আজ, বৃহস্পতিবার রেলের তরফ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সুখবর জানানো হয়েছে।
এখন প্রশ্ন জাগতে পারে কোথায় এমন স্টপেজ দেওয়ার রীতি রয়েছে বা কেনই বা স্টেশন ছাড়া ট্রেন দাঁড়ায়? দুবরাজপুর শহরে ঢোকার মুখে ১৪ নম্বর জাতীয় সড়ক এবং অণ্ডাল-সাঁইথিয়া রেল লাইনের ধারেই রয়েছে বিখ্যাত আলম বাবার মাজার। দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই শতাব্দীপ্রাচীন আলম বাবার উরস উৎসবে সকাল থেকেই ভক্তদের ঢল নামে। যত সময় গড়িয়েছে, মাজার প্রাঙ্গণে ভক্তদের ভিড় ততই গুণিতক হারে বেড়েছে।
সাধারণত প্রতি বছর আষাঢ় মাসের চতুর্থ শুক্রবারে এই ঐতিহ্যবাহী পবিত্র উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে। এই বছর অর্থাৎ ২০২৬ সালে এই বিশেষ দিনটি পড়েছে আগামীকাল, ১০ জুলাই। এই উৎসবকে কেন্দ্র করে শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, ভিন রাজ্য থেকেও শয়ে শয়ে পুণ্যার্থী আলম বাবার মাজারে ছুটে আসেন। কেউ আসেন নিজের বা পরিবারের মনস্কামনা জানাতে, আবার কেউ আসেন আগের মানত পূরণ হওয়ায়। উৎসবকে কেন্দ্র করে এখানে বসে একদিনের জমজমাট মেলা, যেখানে রাতভর বসে ফকিরি ও বাউল গানের আসর।
আলম বাবার উরস উৎসবে আগত এই বিপুল সংখ্যক পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থেই প্রতি বছর রেলের এই বিশেষ মানবিক উদ্যোগ। দুবরাজপুর ও চিনপাই রেল স্টেশনের মাঝে কোনও স্টেশনের অস্তিত্ব না থাকলেও, ঠিক মাজারের কাছাকাছি লাইনে প্রতি বছর একদিনের জন্য ট্রেন থামানো হয়। দূর-দূরান্ত থেকে আসা বহু ভক্ত এই ট্রেনের স্টপেজ ব্যবহার করে সরাসরি মাজারের সামনে নামেন, আবার উৎসব শেষে বাড়ি ফেরার জন্য এখান থেকেই ট্রেন ধরেন। ইতিপূর্বেই দুবরাজপুর ও চিনপাই রেল স্টেশনের মাঝে থাকা আলম বাবার মাজারের কাছে উরস মোবারক উপলক্ষে ট্রেন দাঁড়ানোর কথা প্রেস রিলিজ করে জানায় রেল কর্তৃপক্ষ।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বছর উরস উৎসব উপলক্ষে যে পাঁচ জোড়া আপ ও ডাউন লোকাল ট্রেন আলম বাবার মাজারের কাছে ২ মিনিটের জন্য বিশেষ স্টপেজ দেবে, সেগুলি হল ৬৩৫২৯/৬৩৫৩০ অণ্ডাল – রামপুরহাট – অণ্ডাল মেমু, ৬৩৫৩১/৬৩৫৩২ অণ্ডাল – সাঁইথিয়া – অণ্ডাল মেমু, ৬৩৫৩৩/৬৩৫৩৪ অণ্ডাল – সাঁইথিয়া – অণ্ডাল মেমু, ৬৩৫৩৫/৬৩৫৩৬ অণ্ডাল – সাঁইথিয়া – অণ্ডাল মেমু এবং ৬৩৫৩৭/৬৩৫৩৮ অণ্ডাল – সাঁইথিয়া – অণ্ডাল মেমু।
(Feed Source: news18.com)
