Salary Hike: আশাকর্মীদের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সম্মানিক বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের। ১ অগাস্ট থেকে মিলবে বাড়তি ৫ হাজার টাকা।
অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের অতিরিক্ত মাসিক সম্মানিক বৃদ্ধি (ফাইল ছবি)
কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা। রাজ্যের সমন্বিত শিশুবিকাশ পরিষেবা (আইসিডিএস)-এর অধীনে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের অতিরিক্ত মাসিক সম্মানিক ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের ৯ জুলাই, ২০২৬-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অগাস্ট, ২০২৬ থেকে এই বর্ধিত সম্মানিক কার্যকর হবে।
এর ফলে কত হল মাসিক বেতন?
এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের অতিরিক্ত সাম্মানিক বেড়ে হবে ৯,৫০০ টাকা (আগের ৪,৫০০ টাকার সঙ্গে অতিরিক্ত ৫,০০০ টাকা যোগ করে)। কেন্দ্রীয় প্রকল্পের অধীনে প্রাপ্য ৪,৫০০ টাকা সম্মানিক মিলিয়ে তাঁদের মোট মাসিক সম্মানিক দাঁড়াবে ১৪,০০০ টাকা।
অন্যদিকে, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের অতিরিক্ত সাম্মানিক বেড়ে হবে ৯,৫৫০ টাকা (আগের ৪,৫৫০ টাকার সঙ্গে অতিরিক্ত ৫,০০০ টাকা যোগ করে)। কেন্দ্রীয় অংশের ২,২৫০ টাকা সম্মানিক যোগ করলে তাঁদের মোট মাসিক সম্মানিক হবে ১১,৮০০ টাকা।
এই অতিরিক্ত সম্মানিকের সম্পূর্ণ অর্থ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হবে। সরকারি এবং বেসরকারি সংস্থার পরিচালিত– উভয় ধরনের আইসিডিএস প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারাই এই সুবিধা পাবেন। অর্থ দফতরের সম্মতি পাওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
একইসঙ্গে রাজ্যের আশাকর্মীদেরও মাসিক বেতন বৃদ্ধি করা হয়েছে। ৬২৫০ টাকা থেকে এক লাফে ৫ হাজার টাকা বৃদ্ধি করল রাজ্য সরকার। বেতন বৃদ্ধির পর এখন তাঁদের মাসিক সাম্মানিক হল ১১,২৫০ টাকা। বেতনবৃদ্ধির দাবিতে বারংবার পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন আশাকর্মীরা। আগের সরকারের আমলে বেতন খুব একটা বাড়েনি। বর্তমান বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই রাজ্য বাজেটে আশা কর্মীদের জন্য বড় খবর। বেতন বাড়ল আশাকর্মীদের।
আশাকর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে তাঁদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আশাকর্মীরা প্রাথমিক স্তরের স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে তাঁদের মাসিক সম্মানিক ৫,০০০ টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আশাকর্মীদের বেতন ছিল ৫ হাজার টাকা। সর্বশেষ বাজেটে ১ হাজার টাকা বাড়ানো হয়। ফলে প্রতি মাসে ৬ হাজার টাকা বেতন পাচ্ছিলেন তাঁরা। বর্তমান সরকার ৫ হাজার টাকা সাম্মানিক বৃদ্ধি করায় তাদের বেতন বেড়ে দাঁড়াবে ১১ হাজার ২৫০ টাকা।