)
US Iran War Updates: ছবি পোস্ট করে ট্রাম্প বলেন, এটি মঙ্গলবার জাহাজে ইরানের বোমাবর্ষণের প্রতিশোধ। যদি এরকম আবার ঘটে, তবে পরিস্থিতি আরও খারাপ হবে! এর কয়েক ঘণ্টা আগেই যদিও তিনি বলেছিলেন, এই হামলা দীর্ঘমেয়াদি যুদ্ধের দিকে যাবে না, বরং সেটা হবে খুবই দ্রুতগতির। এর অর্থ?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথাবার্তায় ডোনাল্ড ট্রাম্পের একটা ইঙ্গিত ছিলই। সেটাই ক্রমশ সত্যি হচ্ছে। তিনি বোধ হয় ইরানকে ধুয়ে মুছেই দিতে চান। মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল বুধবার টানা দ্বিতীয় রাতের মতো ইরানে ব্যাপক হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, গত ৪৮ ঘণ্টায় তারা ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরে এটিই ছিল সবচেয়ে বড় হামলা।
ইরানকে ‘সবক’
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই তীব্র বোমাবর্ষণের উদ্দেশ্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও নিরপরাধ অসামরিক নাবিকদের উপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের ক্ষমতা আরও দুর্বল করে দেওয়া। আগের রাতের মতো গতকাল রাতেও ইরান জুড়ে বিমান হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে অন্তত ১৪ জন নিহত হন। এর জবাবে তেহরান উপসাগরীয় দেশগুলিতে মার্কিন সামরিক অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে। সোশ্যালে এক পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগপ্রধান হোসেন কেরমানপোর বলেন, যুদ্ধবিরতি বহাল থাকা অবস্থায়ই মার্কিন যুক্তরাষ্ট্র ৭ ও ৮ জুলাই ইরানের পাঁচটি প্রদেশে হামলা চালায়। হামলায় ১৪ জন শহিদ এবং ৭৮ জন আহত হন।
যুদ্ধবিরতির মেয়াদ
মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের সঙ্গে যুক্ত রেলপথের দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান-তেহরান রেল করিডরের রেলপথও। এ ছাড়া বুশেহরে পারমাণবিক স্থাপনার কাছেও হামলার খবর পাওয়া গিয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং একটি স্থায়ী শান্তিচুক্তির আলোচনার সুযোগ তৈরি করার লক্ষ্যে গত ১৭ জুন ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছিল। এরপর আজ, বৃহস্পতিবারের এই পাল্টাপাল্টি হামলা ছিল সবচেয়ে বড় ধরনের সংঘাত।
দ্রুতগতির আক্রমণ
হরমুজ প্রণালীতে জাহাজে ইরানি হামলার কারণে যুদ্ধবিরতি শেষ হয়ে গিয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন। এর কয়েক ঘণ্টা পরই হামলা চালানো হয়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলার ভিডিয়ো পোস্ট করেন এবং ইরানকে আবারও হুমকি দেন। ট্রুথে ট্রাম্প লেখেন, এটি গতকাল (মঙ্গলবার) জাহাজে ইরানের বোমাবর্ষণের প্রতিশোধ। যদি এটি আবার ঘটে, তবে পরিস্থিতি আরও খারাপ হবে! এর কয়েক ঘণ্টা আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই হামলা দীর্ঘমেয়াদি যুদ্ধের দিকে যাবে না, বরং সেটা হবে খুবই দ্রুতগতির।
ইরানের পাল্টা
এদিকে মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর বাহরিনে অবস্থিত। ইরান হামলার সতর্কতায় দেশটিতে অন্তত তিনবার সাইরেন বেজে ওঠে। পাশাপাশি কুয়েত ও কাতারকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানি বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে জর্ডনও। এসব দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।
ইরান-আমেরিকা সংঘাত শুরু
এর আগে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল যে, তারা ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি নৌযানও রয়েছে। এর জবাবে ইরান জানিয়েছে, তারা বাহরিন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে পাল্টা হামলাও চালিয়েছে।
জঘন্য, অসুস্থ
দুদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি শেষ, তবে দুই পক্ষের আলোচকরা আলোচনা চালিয়েই যেতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন শেষ। তিনি যোগ করেন, আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না, ওরা জঘন্য, ওরা অসুস্থ মানুষ! ট্রাম্প আরও বলেন যে, ইরানে অসুস্থ মানুষেরা তাদের নেতৃত্ব দিচ্ছেন। এখানেই থামেননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য় করেন যে, তারা (ইরানের মানুষজন) নৃশংস ও সহিংস প্রকৃতির লোক!
(Feed Source: zeenews.com)
