Indian Railways Recruitment 2026: রেলের ৩৫ বিভাগে কর্মী নিয়োগ, জুনিয়র ইঞ্জিনিয়ার-সহ একাধিক পদে আবেদন। বিজ্ঞপ্তি প্রকাশ হবে ২১ জুলাই। সরকারি চাকরিপ্রার্থীরা নজর রাখুন…
রেলের চাকরির বড় সুযোগ
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: চাকরির দারুণ সুযোগ আসছে ভারতে। ভারতীয় রেলের বিভিন্ন কারিগরি শাখায় দীর্ঘদিন ধরে থাকা শূন্যপদ পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র। রেল মন্ত্রক দেশের বিভিন্ন রেল জোনে মোট ৪,০৯৮টি টেকনিক্যাল পদে নিয়োগের অনুমোদন দিয়েছে। নিরাপদ ও আরও কার্যকর রেল পরিষেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে মন্ত্রক।
আগামী ২১ জুলাই থেকে নোডাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত কেন্দ্রীয় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তার আগে প্রতিটি রেল জোনকে শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে নির্দিষ্ট অভ্যন্তরীণ পোর্টালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিয়োগের তালিকায় রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সহ একাধিক কারিগরি পদ। বিভাগভিত্তিক শূন্যপদের মধ্যে পার্মানেন্ট ওয়ে বিভাগে সবচেয়ে বেশি ৮৪৫টি পদ রয়েছে। এছাড়া ওয়ার্কস বিভাগে ৪৭০টি এবং ক্যারেজ অ্যান্ড ওয়াগন বিভাগে ৪৫০টি পদে কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি জুনিয়র ইঞ্জিনিয়ার (সিগন্যাল)-এর ১৯৭টি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (টেলিকমিউনিকেশন)-এর ৭৯টি পদও এই নিয়োগের অন্তর্ভুক্ত।
রেল মন্ত্রকের দাবি, অভ্যন্তরীণ মানবসম্পদ ব্যবস্থার তথ্য বিশ্লেষণ করে কোথায় কত কর্মীর প্রয়োজন, সেই হিসেবেই এই নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রের সংরক্ষণ নীতি সম্পূর্ণভাবে কার্যকর থাকবে। ফলে তফসিলি জাতি, তফসিলি জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণের সুবিধা পাবেন। উল্লেখ্য, এর আগেও রেল ৬,৫৬৫টি টেকনিশিয়ান পদে নিয়োগের অনুমোদন দিয়েছিল।
রেল কর্মী সংগঠনগুলির মতে, দীর্ঘদিন ধরে প্রযুক্তিগত বিভাগগুলিতে কর্মীর অভাব ছিল। নতুন নিয়োগের ফলে সেই সমস্যা অনেকটাই দূর হবে। বিশেষ করে সিগন্যাল, ট্র্যাক রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে জনবল বাড়লে ট্রেন চলাচলের নিরাপত্তা ও পরিষেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে ভবিষ্যতে রেল নেটওয়ার্কের সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও নতুন পদ তৈরিরও আশা প্রকাশ করেছেন কর্মী সংগঠনের প্রতিনিধিরা।
(Feed Source: news18.com)