ভারত-নেপাল সীমান্তে বৈধ ভ্রমণ নথি ছাড়া প্রবেশের চেষ্টার অভিযোগে মার্কিন নাগরিক জর্ডন ব্রাউনকে আটক করেছে এসএসবি। জিজ্ঞাসাবাদে তাঁর বক্তব্যে অসঙ্গতি মিলেছে বলে দাবি পুলিশের, ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও।
ভারত-নেপাল সীমান্তে ধৃত মার্কিন
মণিপুরঃ মণিপুরে মার্কিন ড্রোন বিশেষজ্ঞ ম্যাথিউ ভ্যানডাইকের গ্রেফতারের কয়েক মাসের মধ্যেই ফের ভারতে সন্দেহজনক পরিস্থিতিতে আটক হলেন এক মার্কিন নাগরিক। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জর্ডন ব্রাউনকে গত ১১ জুলাই উত্তরপ্রদেশের সোনৌলি ভারত-নেপাল সীমান্ত থেকে আটক করে সশস্ত্র সীমা বল (SSB)। অভিযোগ, বৈধ পাসপোর্ট বা ভ্রমণ সংক্রান্ত নথি ছাড়াই তিনি নেপালে প্রবেশের চেষ্টা করছিলেন।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকানোর চেষ্টা করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে পাকড়াও করা হয়। ঘটনায় একটি ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জিজ্ঞাসাবাদে ব্রাউনের বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রথমে তিনি দাবি করেন, থাইল্যান্ডে পর্যটক হিসেবে গিয়ে তাঁর পাসপোর্ট হারিয়ে যায়। এরপর শ্রীলঙ্কা হয়ে সমুদ্রপথে ২০২৫ সালের ২ নভেম্বর ভারতে প্রবেশ করেন এবং তারপর থেকে গোয়ায় বসবাস করছিলেন। পরে আবার তিনি জানান, দু’মাস আগে সরাসরি আমেরিকা থেকে গোয়ায় এসেছিলেন। সেখান থেকে বেঙ্গালুরু, লখনউ ও গোরখপুর হয়ে সোনৌলিতে পৌঁছন।
ব্রাউন আরও দাবি করেছেন, তিনি মার্কিন সেনাবাহিনীর স্পেশ্যাল ফোর্সে ছয় বছর কর্মরত ছিলেন এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। নেপালে এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতেই তিনি সীমান্তে এসেছিলেন বলেও দাবি করেন। তবে তদন্তকারীদের মতে, তিনি ওই ব্যক্তিদের সম্পর্কে কোনও নির্ভরযোগ্য তথ্য বা যোগাযোগের ঠিকানা দিতে পারেননি।
তাঁর কাছ থেকে ৩১,৪৬০ টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার হলেও কোনও পাসপোর্ট, ভিসা বা বৈধ পরিচয়পত্র মেলেনি। বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সোনৌলি থানায় মামলা দায়ের হয়েছে। ভারত-নেপাল সীমান্তের সংবেদনশীলতার কথা মাথায় রেখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিও ঘটনার তদন্তে নেমেছে।
(Feed Source: news18.com)