জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ -র আন্দোলনে সামিল হয়ে বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন শুরু করেছেন। তাঁর এই অনির্দিষ্টকালের অনশন ১৯ দিনে পা দিয়েছে। ৫৯ বছর বয়সী ওয়াংচুকের শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় এবং তিনি ইতিমধ্যে ৮.৫ কেজি ওজন হারানোয়, তাঁর জীবন বাঁচাতে এবার সরাসরি হস্তক্ষেপ করল দিল্লি হাইকোর্ট।
আদালতে দায়ের করা একটি জরুরি আবেদনে সতর্ক করে বলা হয়েছিল যে, অনশন না ভাঙলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওয়াংচুকের প্রাণসংশয় হতে পারে। প্রশাসন এই বিষয়ে চরম উদাসীন বলে অভিযোগে জানানো হয়। ওই আবেদনে বলা হয়, শান্তিপূর্ণ প্রতিবাদ করা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হলেও, ওয়াংচুকের মৃত্যু দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক হবে। তাই তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তরল খাবারের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিন দেওয়ার আর্জি জানানো হয়।
শুনানি চলাকালীন আদালতের প্রশ্নের মুখে সলিসিটর জেনারেল তুষার মেহতা স্বীকার করেন যে, ওয়াংচুকের দৈনিক স্বাস্থ্য পরীক্ষা করা হলেও সবসময় সরকারি ডাক্তাররা তা করছেন না, মাঝে মাঝে বেসরকারি ডাক্তাররাও দেখছেন। এতে ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, “সোনম ওয়াংচুকের জীবন বাঁচাতে যে ধরনের চিকিৎসার প্রয়োজন, তা অবিলম্বে করতে হবে। প্রত্যেকটি নাগরিকের জীবন মূল্যবান এবং তা রক্ষায় প্রশাসনের সমস্ত চেষ্টা করা উচিত।” আদালত স্পষ্ট জানায়, এখন থেকে প্রতিদিন সরকারি চিকিৎসকদের দিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনে জোরপূর্বক জরুরি চিকিৎসা ও ওষুধ দিতে হবে।
অন্যদিকে, আদালতের এই নির্দেশের কয়েক ঘণ্টা আগেই সোনম ওয়াংচুক একটি আবেগঘন ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন। তিনি জানান, ১৯ দিন অনশনের পর শরীরে ক্লান্তি ও পেশিতে দুর্বলতা আসলেও তাঁর হার্ট ও শরীর এখনও ঠিক আছে। বিভিন্ন বরিষ্ঠ রাজনীতিবিদদের ‘অনশন ভাঙার’ অনুরোধ ফিরিয়ে দিয়ে তিনি সাফ জানান, সরকারের কোনো সদর্থক সাড়া ছাড়া অনশন ভাঙলে ভুল বার্তা যাবে। তিনি দেশবাসীকে আহ্বান জানান, আগামী ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিতে যেন সবাই বিপুল সংখ্যায় যোগ দেন। NEET-UG সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে পড়ুয়া ও সাধারণ মানুষ একজোট হয়ে সাংসদদের হাতে এই বিষয়টি তুলে দিলেই তিনি অনশন ভাঙার কথা ভাববেন।
(Feed Source: zeenews.com)