)
Anupam Kher-Naseeruddin Shah controversy: রাম মন্দিরে চুরির ঘটনাকে ‘অত্যন্ত সামান্য বিষয়’ বলে মন্তব্য করার পরই নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েছেন অনুপম খের। আর এই আবহেই তাঁর রাজনৈতিক মতাদর্শকে নিশানা করা নাসিরুদ্দিন শাহের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিয়ো নেটপাড়ায় পুনরায় ভাইরাল হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের দুই বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ আর অনুপম খের। রুপোলি পর্দায় অভিনয়ের জাদুতে দুজনেই টেক্কা দেন একে অপরকে। কিন্তু পর্দার বাইরে রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ে সম্পর্কটা টিনসেল টাউনের সবার জানা। সেই মনোমালিন্য আবারও নতুন করে আলোচনায়। সম্প্রতি অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স চুরির ঘটনা নিয়ে অনুপম খেরের একটি মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ফিরে তাঁর রাজনৈতিক মতাদর্শকে নিশানা করা নাসিরুদ্দিন শাহের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিয়ো। যেখানে তিনি অনুপম খেরকে স্পষ্ট ভাষায় ‘জোকার’ বলে কটাক্ষ করেছিলেন।
জাতীয় সংবাদমাধ্যমেক দেওয়া অনুপম খেরের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সেখানে রাম মন্দিরে চুরির খবর নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা বিষয়টিকে বেশ হালকাভাবেই নেন। তাঁর মতে, মুঘল আমলে মন্দিরে যে ধরনের নৃশংসতা ও লুঠতরাজ চলেছিল, তার তুলনায় এই চুরি অত্যন্ত নগণ্য বিষয়। অনুপম খের বলেন, ‘মুঘলরা যখন আমাদের মন্দির ধ্বংস করেছিল, তখন আসল লুঠতরাজ হয়েছিল। যখন ব্রাহ্মণদের হত্যা করা হয়েছিল, মন্দিরের সম্পত্তি লুঠ করা হয়েছিল- সেটা ছিল অনেক বড় ট্র্যাজেডি। আমরা যদি সেই বেদনা কাটিয়ে উঠতে পারি, তবে এই চুরির ঘটনা তো খুবই সামান্য ব্যাপার। মানুষ এটাকে নিয়ে অহেতুক জলঘোলা করছে।’
অনুপমের এই মুঘল-প্রসঙ্গ টেনে রাম মন্দিরের চুরিকে আড়াল করার চেষ্টা অনেক নেটিজেনেরই পছন্দ হয়নি। আর এই বিতর্কের মাঝেই সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে নাসিরুদ্দিন শাহের পুরনো সেই বিস্ফোরক সাক্ষাৎকার। যেখানে নাসিরউদ্দিন শাহ বলছেন, “ও তো একটা জোকার, ওর রক্তেই চাটুকারিতা!” ২০২০ সালের ওই ভাইরাল ভিডিয়ৌতে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলন নিয়ে কথা বলছিলেন নাসিরুদ্দিন শাহ। সেখানে অনুপম খেরের কট্টর সরকারপন্থী মনোভাব নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ উগরে দিয়ে নাসিরুদ্দিন বলেছিলেন, ‘অনুপম খেরের মতো মানুষরা খুব বেশি কথা বলেন। আমার মনে হয় না ওকে গুরুত্ব দেওয়ার কোনA প্রয়োজন আছে। ও একটা আস্ত জোকার। ন্যাশনাল স্কুল অব ড্রামা বা এফটিআইআই-এ ওর সমসাময়িক যে কাউকেই জিজ্ঞেস করুন, সবাই ওর এই চাটুকারিতার স্বভাবের কথা একবাক্যে স্বীকার করবেন। এটা ওর রক্তে আছে, ও নিজেকে সামলাতে পারে না।”
পাল্টা তোপ অনুপমের
নাসিরুদ্দিনের এই আক্রমণের পর চুপ থাকেননি অনুপম খেরও। পাল্টা তোপ দেগে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডি.ো বার্তা শেয়ার করেছিলেন। সেখানে নাসিরুদ্দিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি কখনও আপনার সম্পর্কে খারাপ কিছু বলিনি, কিন্তু আজ বলব। এত কিছু অর্জন করার পরেও আপনি আপনার সারাজীবন হতাশা নিয়ে কাটিয়ে দিলেন। আপনি যদি দিলীপ কুমার সাহেব, অমিতাভ বচ্চন, রাজেশ খন্না, শাহরুখ খান এবং বিরাট কোহলির মতো মানুষদেরও সমালোচনা করতে পারেন, তাহলে আমি অন্তত ঠিক আছি! আসলে বছরের পর বছর ধরে আপনি যে সমস্ত নেশার দ্রব্য নিচ্ছেন, তার কারণেই হয়তো কোনটা ঠিক আর কোনটা ভুল, সেই ফারাকটাই ভুলে গেছেন। তাই আপনার কথায় কেউ কিছু মনে করে না।”
রুপোলি পর্দায় অনুপম খেরের নতুন ইনিংস
বিতর্ক তো চলতেই থাকবে, তবে কাজের দিক থেকেও কিন্তু দারুণ ব্যস্ত অনুপম খের। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবি ‘শ্রী রাম ভূমি’-তে। ছবিটি পরিচালনা করছেন ‘দ্য কেরালা স্টোরি ২’ খ্যাত পরিচালক কামাখ্যা নারায়ণ সিং। এছাড়াও দর্শকদের নস্টালজিয়া উসকে দিতে আসতে চলেছে তাঁর সুপারহিট ছবি ‘খোসলা কা ঘোসলা ২’।
(Feed Source: zeenews.com)
